https://newsbdc.com/international/mwa6p6559j
রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা, ব্যাপক অগ্নিকাণ্ড
সোমবার (৯ নভেম্বর) রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে অবস্থিত কিনেফ শোধনাগারে ইউক্রেনের ড্রোন আঘাত হানে। অঞ্চলটির গভর্নর আলেক্সান্দার দ্রোজদেনকো জানিয়েছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই অঞ্চলে ১১৩টি ড্রোন ভূপাতিত করেছে। তবে একটি ড্রোনের ধ্বংসাবশেষ ভসেভোলোজস্ক শহরের একটি বহুতল ভবনের ছাদে আঘাত হানে। এতে এক বাসিন্দা নিহত হয়েছেন।
কিনেফ রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বৃহত্তম এবং ওমস্ক শোধনাগারের পর দেশটির দ্বিতীয় বৃহত্তম তেল শোধনাগার। সুরগুতনেফতেগাজ গোষ্ঠীর মালিকানাধীন এ স্থাপনায় বছরে প্রায় ১ কোটি ৮০ লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করা হয়, যা রাশিয়ার মোট পরিশোধন সক্ষমতার প্রায় ৭ শতাংশ।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
শোধনাগারটিতে পেট্রল, ডিজেল, উড়োজাহাজের জ্বালানি, ফার্নেস অয়েল, বিটুমিন ও পেট্রোকেমিক্যাল পণ্য উৎপাদিত হয়। সেন্ট পিটার্সবার্গের পুলকোভো বিমানবন্দরেও এখান থেকে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ করা হয়। স্থাপনাটির নকশাগত বার্ষিক পরিশোধন সক্ষমতা ২ কোটি থেকে ২ কোটি ১০ লাখ টন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর ইউক্রেনের ১৪টি অঞ্চল ও রুশ দখলকৃত ক্রিমিয়ায় ৪৩০টি ড্রোন ভূপাতিত করেছে তাদের বাহিনী। তবে ইউরোনিউজ এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলাও অব্যাহত রয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, সোমবার সন্ধ্যা থেকে রুশ বাহিনী ৩১৭টি ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে ১০৫টি ছিল জেট ইঞ্জিনচালিত। এসব ড্রোনের ২৭৬টি ভূপাতিত করা হয়েছে। তবে ৩১টি স্থানে ড্রোন আঘাত হেনেছে এবং আরও নয়টি স্থানে ধ্বংসাবশেষ পড়েছে।
সোমবার সকালে ওদেসা শহরের একটি খাদ্যপণ্যের গুদামে ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
এ ছাড়া দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে রুশ হামলায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। খারকিভ অঞ্চলে রাতভর হামলায় শিশুসহ নয়জন আহত হয়েছেন। জাপোরিঝঝিয়া শহর ও আশপাশের এলাকায় হামলায় এক শিশুসহ ছয়জন আহত হয়েছেন।
পোলতাভা অঞ্চলের ক্রেমেনচুকে ড্রোন হামলায় ১৬ বছর বয়সী এক কিশোরসহ সাতজন আহত হয়েছেন। ওই হামলায় প্রতিবন্ধী শিশুদের একটি পুনর্বাসনকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে, সুমি অঞ্চলে একটি গাড়িতে রুশ হামলায় বিদ্যুৎ বিভাগের তিন কর্মী আহত হয়েছেন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।