https://newsbdc.com/international/mwem62hqm0
বৈশ্বিক উষ্ণায়নের মধ্যেও কোথাও কমছে দিনের তাপমাত্রা, কোথাও তীব্র শীত
তাপমাত্রার এই আঞ্চলিক পার্থক্যের পেছনে সূর্যালোক, মেঘের উপস্থিতি, বায়ুমণ্ডলীয় প্রবাহ ও বাতাসের আর্দ্রতার মতো বিষয় ভূমিকা রাখে। পাশাপাশি এল নিনোর মতো প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনাও তাপমাত্রার পরিবর্তনে প্রভাব ফেলে।
২০২৬ সালের মে মাসে ‘কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় এমন চিত্র উঠে এসেছে। ২০০২ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বের প্রায় ১ হাজার ৪০০টি শহরের স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে গবেষণাটি করা হয়।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
গবেষণায় দেখা গেছে, বিশ্বের ৮৬ শতাংশ শহরে দিনের তাপমাত্রা এবং ৯৬ শতাংশ শহরে রাতের তাপমাত্রা বেড়েছে। তবে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ শহরে দিনের তাপমাত্রা কমার পরিসংখ্যানগতভাবে তাৎপর্যপূর্ণ প্রবণতা পাওয়া গেছে। রাতে তাপমাত্রা কমার প্রবণতা প্রায় নেই বললেই চলে।
একই সময়ে কোথাও তীব্র শীত, কোথাও রেকর্ড তাপমাত্রা
২০২৬ সালের জানুয়ারিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলে আবহাওয়ার বৈপরীত্য স্পষ্ট হয়ে ওঠে। ওই মাসে বৈশ্বিক গড় ভূপৃষ্ঠের বায়ুর তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯৫ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৯১ থেকে ২০২০ সালের গড়ের চেয়ে শূন্য দশমিক ৫১ ডিগ্রি বেশি। অথচ উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলে তখন তীব্র শীত অনুভূত হয়।
ফিনল্যান্ডের লাপেনরান্তা শহরে তাপমাত্রা নেমে আসে মাইনাস ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। সাইবেরিয়ার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ছিল প্রায় মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ২৫ জানুয়ারি এক ঝড়ে ১১ দশমিক ৪ ইঞ্চি বা প্রায় ২৯ সেন্টিমিটার তুষারপাত হয়। প্রায় চার বছরের মধ্যে একক ঝড়ে এটিই ছিল সর্বোচ্চ তুষারপাত। রাশিয়ার কামচাটকা উপদ্বীপে জানুয়ারির প্রথম দুই সপ্তাহে দুই মিটারের বেশি তুষার জমে। জাপানের উত্তরাঞ্চলীয় শহর আওমোরিতে ৩ ফেব্রুয়ারি তুষারের গভীরতা দাঁড়ায় ১ দশমিক ৭ মিটার, যা ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে অস্ট্রেলিয়ার রেনমার্ক শহরে ২৬ জানুয়ারি তাপমাত্রা পৌঁছায় ৪৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে, যা শহরটির ইতিহাসে সর্বোচ্চ।
ভারতসহ কয়েকটি অঞ্চলে কমছে দিনের তাপমাত্রা
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
গবেষণায় ভারত, ইরান, আফগানিস্তান ও উত্তর-পূর্ব চীনের কয়েকটি শহরে দিনের তাপমাত্রা তুলনামূলক কম হারে বাড়তে দেখা গেছে। কিছু এলাকায় দিনের তাপমাত্রা কমার প্রবণতাও শনাক্ত করেছেন গবেষকেরা।
এর সম্ভাব্য কারণ হিসেবে বিজ্ঞানীরা বায়ুমণ্ডলে অ্যারোসলের ঘনত্ব বৃদ্ধি এবং উদ্ভিদ আচ্ছাদনের পরিবর্তনের কথা উল্লেখ করেছেন।
অ্যারোসল হলো বায়ুমণ্ডলে ভেসে থাকা অতি ক্ষুদ্র কঠিন কণা বা তরল ফোঁটা। ধুলাবালি ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো প্রাকৃতিক উৎসের পাশাপাশি শিল্পকারখানার নির্গমন, যানবাহনের ধোঁয়া এবং জৈব পদার্থ পোড়ানোর মাধ্যমেও এসব কণা তৈরি হয়।
আরও পড়ুন
ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ ২০ নভেম্বর ২০২৬
অ্যারোসল সূর্যের আলো প্রতিফলিত বা ছড়িয়ে দিয়ে ভূপৃষ্ঠে পৌঁছানো তাপের পরিমাণ কমাতে পারে। ফলে কোনো কোনো অঞ্চলে দিনের তাপমাত্রা কমার প্রবণতা দেখা যায়। তবে এসব কণার মধ্যে সূক্ষ্ম বস্তুকণা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পাশাপাশি এগুলো মেঘ তৈরি, বৃষ্টিপাত ও আঞ্চলিক জলবায়ুতেও প্রভাব ফেলে।
তাপমাত্রা নিয়ন্ত্রণে গাছপালারও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গাছ ছায়া দেওয়ার পাশাপাশি বাষ্পমোচন প্রক্রিয়ায় পরিবেশে জলীয় বাষ্প ছাড়ে। এ প্রক্রিয়ায় আশপাশ থেকে তাপশক্তি ব্যবহৃত হওয়ায় ভূপৃষ্ঠ ও বাতাস তুলনামূলক ঠান্ডা থাকে।
মেঘ, মাটির আর্দ্রতা ও এল নিনোর প্রভাব
যুক্তরাষ্ট্রের জলবায়ু সংস্থা ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ) গত এক শতকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রার ওঠানামার বিভিন্ন পর্যায় শনাক্ত করেছে। সংস্থাটির মতে, অক্ষাংশ, ভূপ্রকৃতি এবং আটলান্টিক মহাসাগর ও মেক্সিকো উপসাগরের নৈকট্য এ ধরনের পরিবর্তনে ভূমিকা রাখে।
আরও পড়ুন
রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার হত্যার তথ্য আইসিজের পর্যবেক্ষণে ১৯ নভেম্বর ২০২৬
জলবায়ু গবেষকদের মতে, ঘন মেঘ সূর্যের আলো ভূপৃষ্ঠে পৌঁছাতে বাধা দেয়। অন্যদিকে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা থাকলে বাষ্পীভবনের হার বাড়ে। এতে দিনের বেলায় ভূপৃষ্ঠের তাপমাত্রা প্রত্যাশিত মাত্রায় বাড়তে পারে না।
এ ছাড়া এল নিনো ও লা নিনার মতো প্রাকৃতিক আবহাওয়াজনিত ঘটনাও বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ও আবহাওয়ার ধরন পরিবর্তন করতে পারে। এর ফলে কোথাও উষ্ণতা বাড়ে, আবার কোথাও শীতল পরিস্থিতি তৈরি হয়।
তবে কোনো কোনো অঞ্চলে দিনের তাপমাত্রা কমার অর্থ বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব কমে যাওয়া নয়। সামগ্রিকভাবে পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে। একই সঙ্গে সমুদ্রের বরফের পরিমাণ কমে যাওয়া, সমুদ্রের তাপীয় উপাদান বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার মতো পরিবর্তন বিশ্বজুড়ে বড় হুমকি তৈরি করছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।