https://newsbdc.com/international/mwgaoawfsy
নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার লড়াইয়ে আলোচনায় দুই কট্টর ডানপন্থী মন্ত্রী
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার টিকে থাকা নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আলোচনায় উঠে এসেছেন তাঁর সরকারের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী। তাঁরা হলেন অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। গাজা যুদ্ধ ও ফিলিস্তিনিদের প্রতি কঠোর নীতির কারণে আন্তর্জাতিক মহলে তাঁদের ভূমিকা নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
সম্প্রতি সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোটকে নিয়ে নেতানিয়াহুর নতুন ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হলে এর বিরোধিতা করেন স্মোট্রিচ ও বেন-গভির। বেন-গভির স্পষ্ট করে জানিয়েছেন, নেতানিয়াহুকে তাঁকে অথবা আইজেনকোটকে বেছে নিতে হবে। অন্যদিকে, স্মোট্রিচ তাঁর মিত্র দলগুলোকে সতর্ক করে বলেছেন, আইজেনকোটের সঙ্গে জোট করলে নেতানিয়াহু ক্ষমতা থেকে সরানোর পর তাদের বাদ দিতে পারেন।
২০২২ সালে উগ্র ডানপন্থী দলগুলোর সঙ্গে জোট করে সরকার গঠন করেন নেতানিয়াহু। সেই সরকারের অংশ হিসেবে স্মোট্রিচ অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি পশ্চিম তীরের প্রশাসনিক দায়িত্ব পান। বেন-গভির দায়িত্ব পান জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
গত কয়েক বছরে গাজা যুদ্ধ, ত্রাণ প্রবেশ এবং ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর অবস্থান কিছুটা নমনীয় করার উদ্যোগের বিরোধিতা করেছেন এই দুই মন্ত্রী। তাঁরা প্রকাশ্যে গাজা দখল এবং সেখান থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার দাবিও জানিয়েছেন। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনায় তাঁদের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে সমালোচনা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুনে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস তাঁদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় এবং কয়েকটি পশ্চিমা দেশ তাঁদের সম্পদ জব্দ করে।
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
বিশ্লেষকদের মতে, সরকার থেকে বাদ পড়লে দুই মন্ত্রীর ওপর প্রভাবও হবে ভিন্ন। গবেষক আরি পার্লিগারের মতে, বেন-গভিরের রাজনীতি মূলত উত্তেজনাপূর্ণ বক্তব্য ও জনসমর্থন ধরে রাখার ওপর নির্ভরশীল। ফলে বিরোধী দলে থাকলেও তিনি রাজনৈতিক সুবিধা পেতে পারেন। অন্যদিকে, স্মোট্রিচ সরকারি ক্ষমতা ও বাজেট ব্যবহার করে পশ্চিম তীরে প্রশাসনিক কাঠামো এবং বসতি সম্প্রসারণে ভূমিকা রেখেছেন। তাই ক্ষমতা হারালে তাঁর প্রভাব বেশি কমতে পারে।
আরও পড়ুন
ট্রাম্প-শি-পুতিনের বৈঠকে বিশ্বরাজনীতির নতুন সমীকরণ ২০ নভেম্বর ২০২৬
তবে সরকার থেকে সরে গেলেও প্রশাসনে তাঁদের তৈরি করা পরিবর্তনগুলো ফিরিয়ে আনা কঠিন হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের অভিযোগ, বেন-গভির পুলিশ বাহিনীতে নিজের আদর্শের অনুসারীদের প্রভাব বাড়িয়েছেন এবং ফিলিস্তিনি বন্দিদের প্রতি কঠোর নীতি গ্রহণে ভূমিকা রেখেছেন। প্রশাসনের ভেতরে তৈরি করা কাঠামো ও নিয়ম পরিবর্তনে পরবর্তী সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলের প্রায় ১০ শতাংশ ভোটারের সমর্থন রয়েছে এসব কট্টর ডানপন্থী দলের পেছনে। ফলে সরকার পরিবর্তন হলেও তাদের রাজনৈতিক প্রভাব সহজে কমবে না।
আরও পড়ুন
রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার হত্যার তথ্য আইসিজের পর্যবেক্ষণে ১৯ নভেম্বর ২০২৬
ফিলিস্তিনি সাবেক পার্লামেন্ট সদস্য আইদা তুমা-সুলেইমানের মতে, ইসরাইলি সমাজে ফিলিস্তিনিদের প্রতি বিদ্বেষ ও বৈষম্য বেড়েছে। তাঁর অভিযোগ, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাস্তায় বা বাসে আরবি ভাষায় কথা বলতেও অনেকে ভয় পান।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।