https://newsbdc.com/international/mwiubpv7tl
মার্কিন হামলার অপেক্ষা নয়, আগেই জবাব দেবে ইরান
ফার্স নিউজে প্রচারিত ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে গারিবাবাদি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেহরান তিনটি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত—কূটনীতি, অর্থনৈতিক অবরোধ এবং সামরিক আগ্রাসন।
আরও পড়ুন
ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ ২০ নভেম্বর ২০২৬
তিনি বলেন, ‘ইরান কিউবা নয় যে আপনারা অবরোধ আরোপ করবেন, আবার ভেনেজুয়েলাও নয় যে আপনারা আত্মসমর্পণ করতে বাধ্য করবেন।’ তাঁর দাবি, মার্কিন বাহিনী এখন পর্যন্ত আকাশ বা স্থল অবরোধের মাধ্যমে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। এদিকে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নতুন পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে বলেও জানান তিনি।
গারিবাবাদির আশঙ্কা, ওয়াশিংটন আরেকটি সামরিক হামলার ক্ষেত্র প্রস্তুত করতে কূটনৈতিক তৎপরতা চালাতে পারে। বর্তমান পরিস্থিতিকে ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ হিসেবে বর্ণনা করার বিরোধিতা করে তিনি বলেন, তাঁর ব্যক্তিগত বিশ্বাস, আইনি দৃষ্টিকোণ থেকে ইরান এখনো যুদ্ধাবস্থায় রয়েছে।
ইরানের শর্ত পূরণ এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত দেশটির পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) দেওয়া হবে না বলেও জানিয়েছেন গারিবাবাদি।
আরও পড়ুন
হুতি হামলার আশঙ্কায় সৌদিতে দুই দিনে ১৫ দফা সতর্কতা ২০ নভেম্বর ২০২৬
সংঘাতের সময় ক্ষতিগ্রস্ত স্থাপনাসহ ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে পরিদর্শকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আইএইএর আহ্বানের পর তিনি এ মন্তব্য করেন।
গারিবাবাদির দাবি, ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শনের জন্য আইএইএর অনুরোধের পেছনে মার্কিন অস্ত্রের কার্যকারিতা মূল্যায়নের উদ্দেশ্য থাকতে পারে। তিনি বলেন, ‘প্রথম এবং প্রধানত, যুক্তরাষ্ট্রকে প্রয়োজনীয় নিশ্চয়তা দিতে হবে যে ইরানের সব শর্ত মানা হবে।’
আরও পড়ুন
মাত্র ২৬৭ টাকায় শুরু, মাসে বিক্রি ৬ লাখ ৬৭ হাজার টাকা ২০ নভেম্বর ২০২৬
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে গারিবাবাদি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র বারবার কূটনৈতিক আলোচনায় তেহরানের আস্থা নষ্ট করেছে। তাঁর ভাষ্য, গত দেড় বছরে অন্তত তিনবার ওয়াশিংটন অসৎ উদ্দেশ্যের পরিচয় দিয়েছে। এ কারণে কূটনৈতিক আলোচনার টেবিলে যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করা যায় না।
এর উদাহরণ হিসেবে তিনি আলোচনার মধ্যেই সংঘটিত ১২ দিনের যুদ্ধ ও ৪০ দিনের যুদ্ধ এবং দুই সপ্তাহেরও কম সময় স্থায়ী ১৪ দফা সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।