https://newsbdc.com/sara-desh/mwu7zj1bmw
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান
রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পৌঁছেছে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। এ নিয়ে দেশে মোট আটটি চালান পৌঁছাল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সর্বশেষ চালানসহ রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য একটি এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি চালান এসেছে। সব মিলিয়ে দেশে পৌঁছানো চালানের সংখ্যা দাঁড়িয়েছে আটটিতে। ইউরেনিয়াম পরিবহনের সময় বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিল।
আরও পড়ুন
রাজধানীর মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন ১২ ঘণ্টা আগে
এর আগে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছিল, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি আনা হবে। পাশাপাশি প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সে হিসাবে মোট নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছানোর কথা।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১৯ ঘণ্টা আগে
রাশিয়ার আধুনিক প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রয়েছে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
ইতোমধ্যে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয় কেন্দ্রটি। ওই দিন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে বিকেল ৩টা ১৬ মিনিটে সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়। এ সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট সরবরাহ শুরু হয়।
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬
এর ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।