https://newsbdc.com/international/mwyp9mrg9g
করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, নিখোঁজ অন্তত ১৩
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিন্ধুর রাজধানী করাচিতে ছয়তলা একটি ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৩ জন। এ ছাড়া আহত অবস্থায় ১৪ জনকে উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) করাচির বালোচ কলোনির অ্যাডমিন সোসাইটি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে ওই দিন থেকেই অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।
আরও পড়ুন
ইরানের বিরুদ্ধে বিজয় ‘হাতের নাগালে’: ট্রাম্প ২১ ঘণ্টা আগে
তবে ভারী যন্ত্রপাতি ব্যবহার করলে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা ব্যক্তিদের ক্ষতি হতে পারে এবং ভবনের অবশিষ্ট কাঠামো আরও অস্থিতিশীল হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এ কারণে ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতে তল্লাশি চালিয়ে উদ্ধারকাজে গুরুত্ব দিচ্ছেন উদ্ধারকারীরা।
ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল রেসকিউ ১১২২ জানিয়েছে, উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন। ধ্বংসস্তূপের ভেতরে ছোট ছোট ফাঁক তৈরি করে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভারী যন্ত্রপাতি ব্যবহারে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের ক্ষতি হওয়ার পাশাপাশি ভবনের অবশিষ্ট কাঠামো আরও ধসে পড়ার ঝুঁকি রয়েছে। তাই হাতে তল্লাশি চালানোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, দায় অস্বীকার ইরানের ২২ ঘণ্টা আগে
উদ্ধারকারী দলের মুখপাত্রের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১৩ জনকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভবন ধসের ঘটনায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছে পুলিশ। মামলায় হত্যা, অবহেলা ও অসাবধানতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। এতে ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আরও পড়ুন
শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট ২৩ ঘণ্টা আগে
এর আগে বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ উদ্ধার এবং ১৪ জন আহতকে বের করে আনা হয়েছে।
ঘটনাস্থলে এএফপির সাংবাদিকরা ধ্বংসাবশেষের বিশাল স্তূপ ও দুমড়ে-মুচড়ে যাওয়া ধাতব কাঠামো দেখতে পান। ঘনবসতিপূর্ণ ওই এলাকায় ভবনটির ধ্বংসস্তূপ কয়েক তলা সমান উঁচু হয়ে রয়েছে। উদ্ধারকর্মীরা ইট ও কংক্রিট সরিয়ে আটকে পড়াদের খোঁজ চালাচ্ছেন।
ঘটনাস্থলের কাছে স্থাপন করা একটি তথ্যকেন্দ্রে নিখোঁজ স্বজনদের খোঁজে ভিড় করছেন অনেকে। তাঁদের কেউ কেউ ফোনে নিখোঁজ ব্যক্তিদের ছবি দেখিয়ে কর্মকর্তাদের কাছে তথ্য জানাচ্ছেন।
আরও পড়ুন
তামিলনাড়ুতে সরকারি পুরুষ কর্মীদের জন্য ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ২৬ নভেম্বর ২০২৬
দুই কোটিরও বেশি মানুষের বসবাস করাচিতে ভবন ধসের ঘটনা নতুন নয়। বিশেষজ্ঞদের মতে, অপর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা এবং নির্মাণকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে পাকিস্তানে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। করাচিতেও নিম্নমানের নির্মাণকাজ, অনুমোদনহীন ভবন সম্প্রসারণ, জরাজীর্ণ অবকাঠামো, অতিরিক্ত জনঘনত্ব এবং নির্মাণবিধি যথাযথভাবে প্রয়োগ না করার মতো সমস্যা রয়েছে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে করাচিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে ১৬ জনের মৃত্যু হয়। এর আগে গত বছরের জুলাইয়ে শহরটির দরিদ্র এলাকা লিয়ারিতে পাঁচতলা একটি ভবন ধসে প্রাণ হারান ২৭ জন।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।