https://newsbdc.com/international/mwxecrcaim
প্রেমের সম্পর্ক মেনে না নেওয়ায় মেয়েকে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
ভারতের তেলেঙ্গানায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা জানার পর ১৯ বছর বয়সী মেয়েকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বাগদানের মাত্র এক দিন আগে এ ঘটনা ঘটে।
এনডিটিভির প্রতিবেদনে পুলিশের বরাতে জানানো হয়েছে, নিহত তরুণীর নাম কল্যাণী। তিনি আদিলাবাদ জেলার বাসিন্দা। এ ঘটনায় তার বাবা কৈলাস আডের বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন
ব্যাংককে তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগুন, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ ২০ মিনিট আগে
পুলিশ জানায়, গত ২৩ নভেম্বর সন্ধ্যায় মামাতো ভাইয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা মা-বাবাকে জানান কল্যাণী। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে কথা-কাটাকাটি হয়। মেয়ের সম্পর্কের কথা শুনে ক্ষুব্ধ হয়ে বাবা তাকে হত্যার সিদ্ধান্ত নেন বলে পুলিশের অভিযোগ।
প্রাথমিক তদন্তে জানা গেছে, পরদিন ২৪ নভেম্বর কল্যাণীকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর চেষ্টা করেন তার বাবা। মেয়ের গলায় ওড়না পেঁচিয়ে রেখে পরিবারের সদস্য ও গ্রামবাসীকে তিনি জানান, মা-বাবার পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি না হওয়ায় কল্যাণী আত্মহত্যা করেছেন।
২৫ নভেম্বর নারনুর এলাকার এক তরুণের সঙ্গে কল্যাণীর বাগদান হওয়ার কথা ছিল।
আরও পড়ুন
উত্তরপ্রদেশে আসন ভাগাভাগি নিয়ে কংগ্রেস-এসপি বিরোধ, কটাক্ষ যোগীর ৩ ঘণ্টা আগে
পুলিশ জানায়, মৃত্যুর অল্প সময়ের মধ্যেই পরিবারের সদস্যরা কল্যাণীর শেষকৃত্য সম্পন্ন করেন। এতে সন্দেহ তৈরি হয়। পরে গ্রামবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেয়েকে হত্যার কথা কৈলাস স্বীকার করেছেন বলে দাবি পুলিশের। এ ঘটনায় মামলা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত কারণ জানতে তদন্ত চলছে।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।