https://newsbdc.com/politics/mwkc4d6en8
পাঁচ ধাপে ৪ হাজার ২৯০ ইউপিতে ভোটের পরিকল্পনা ইসির, শুরু ২১ জানুয়ারি
সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের ১৪তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, ইউপি নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের আগেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করবে কমিশন।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা বা সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি আসন্ন ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, এসব বিষয় নির্বাচনে প্রভাব ফেলবে না। বরং স্থানীয় সরকার নির্বাচন কোনো কোনো ক্ষেত্রে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সহায়তা করতে পারে।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ২ ঘণ্টা আগে
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় চার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। এ সময় ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশন সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
সভায় ধাপভিত্তিক ইউপি নির্বাচনের পরিকল্পনা চূড়ান্ত করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) স্মার্ট কার্ড ছাপার সফটওয়্যার-সংক্রান্ত জটিলতা, নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিষ্পত্তি এবং এনআইডি সেবা নিয়ে কর্মশালা আয়োজনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১১৩টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫৬টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ করা হবে।
ইসির আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭ মে অনুষ্ঠিত হবে।
সানাউল্লাহ বলেন, পঞ্চম ধাপে ইচ্ছাকৃতভাবে ইউনিয়ন পরিষদের সংখ্যা কম রাখা হয়েছে। আইনি জটিলতা বা অন্য কোনো কারণে যেসব ইউনিয়নে নির্বাচন আটকে আছে, সেগুলো পরবর্তী সময়ে এ ধাপে সমন্বয় করা যাবে। ইউনিয়নগুলোর সুনির্দিষ্ট তালিকা বৃহস্পতিবারের মধ্যে ইসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আরও পড়ুন
নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬
ডিসেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ
জাতীয় নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যেভাবে সংলাপ হয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখেও একইভাবে আলোচনা করতে চায় কমিশন। আগামী ১০ ডিসেম্বরের আগেই সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে।
সানাউল্লাহ জানান, নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। নিবন্ধনের ক্রমানুসারে রাজনৈতিক দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি কোনো রাজনৈতিক দল জানিয়েছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, এ ধরনের কোনো দাবি এখনো কমিশনের কাছে আসেনি।
আরও পড়ুন
শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী ১৯ নভেম্বর ২০২৬
স্মার্টকার্ড ছাপার সফটওয়্যারে সমস্যা
কমিশন সভায় এনআইডি সেবা ও স্মার্টকার্ড ছাপার কাজে চলমান সমস্যাগুলো নিয়েও আলোচনা হয়েছে। গত চার-পাঁচ দিন ধরে স্মার্টকার্ড ছাপার সফটওয়্যারে জটিলতা দেখা দিয়েছে।
সানাউল্লাহ বলেন, এনআইডি স্মার্টকার্ড ছাপার কাজ বন্ধ নেই। তবে সফটওয়্যারে সমস্যা রয়েছে, যা সমাধানের চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, যেকোনো সময় সমস্যাটি ঠিক হয়ে যাবে। এনআইডি সেবা বন্ধ নেই বলেও জানান তিনি। কারও এনআইডি অনুমোদিত হলে তিনি নিজেই ওয়েবসাইট থেকে সেটি প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন
নড়াইলে কৃষকদল নেতা হ/ত্যার ঘটনায় রিজভীর নিন্দা ১৯ নভেম্বর ২০২৬
গাজীপুর থেকে শুরু হবে ইভিএম নিষ্পত্তির কাজ
ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সংরক্ষিত ইভিএমগুলো কীভাবে নিষ্পত্তি করা হবে, তা নির্ধারণে গঠিত কমিটির অগ্রগতি নিয়েও সভায় আলোচনা হয়।
সানাউল্লাহ বলেন, ইভিএম নিষ্পত্তির বিষয়ে গঠিত কমিটির কাজের অগ্রগতি সম্পর্কে কমিশন ধারণা নিয়েছে। প্রথমে মাঠপর্যায়ে বিভিন্ন স্তরে সংরক্ষিত ইভিএমের সংখ্যা ও অবস্থা নিরূপণ করা হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী সেগুলো নিষ্পত্তির ব্যবস্থা নেওয়া হবে। এ কার্যক্রম গাজীপুর থেকে শুরু হবে।
এনআইডি সেবা নিয়ে কর্মশালা
জাতীয় পরিচয়পত্র সেবার বিভিন্ন দিক নিয়ে বুধবার একটি কর্মশালার আয়োজন করবে নির্বাচন কমিশন। সেবাকে আরও সহজ ও জনবান্ধব করার পাশাপাশি সেবাগ্রহীতা এবং কমিশনের ভেতরে-বাইরে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের বিষয়ে সেখানে আলোচনা হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।