ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
রাজনীতি

নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২: ২১
নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ
সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক জীবন বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ঘটনাবহুল অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, নানা চড়াই-উতরাই ও কঠিন বাস্তবতা পেরিয়ে ৬১ বছর পেরিয়ে ৬২তম বছরে পদার্পণ করেছেন তিনি। প্রায় দুই দশক পর সরকার গঠন করা বিএনপির নেতৃত্বে এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। দল পরিচালনার পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, অর্থনীতি, প্রশাসন এবং নাগরিকদের প্রত্যাশা পূরণের কঠিন দায়িত্ব সামলাতে হচ্ছে তাঁকে।



সংশ্লিষ্টদের মতে, ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে একদিকে রয়েছে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা, অন্যদিকে রাষ্ট্র পরিচালনার কঠিন পরীক্ষা। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানের অস্থিতিশীলতা বিচক্ষণতার সঙ্গে মোকাবিলা করে দেশকে কতটা স্থিতিশীল ও সমৃদ্ধ পথে এগিয়ে নিতে পারেন, সেটিই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন

জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ১ ঘণ্টা আগে জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ


তারেক রহমানের রাজনৈতিক পথ কখনোই মসৃণ ছিল না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ প্রায় দেড় যুগ তাঁকে যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। প্রবাসে থেকেও বিএনপির সাংগঠনিক কাঠামো ধরে রাখা এবং সরকারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মতে, তাঁর দীর্ঘ সময়ের দিকনির্দেশনা এবং মাঠপর্যায়ের আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন জুলাই গণঅভ্যুত্থানে রূপ নেয়। একপর্যায়ে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান।


তবে দেশে ফেরার আনন্দ স্থায়ী হওয়ার আগেই মাত্র পাঁচ দিনের মাথায় তাঁকে জীবনের বড় ব্যক্তিগত ও রাজনৈতিক শোকের মুখোমুখি হতে হয়। তাঁর মা ও রাজনৈতিক অভিভাবক, সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু ছিল অপূরণীয় ক্ষতি। ব্যক্তিগত শোক সামলে দলীয় নেতাকর্মীদের নিয়ে সামনে এগিয়ে যান তিনি। মায়ের মৃত্যুর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। পরে দলকে নেতৃত্ব দিয়ে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করেন। এককভাবে সরকার গঠন করে দলটি, প্রধানমন্ত্রী হন তারেক রহমান।


আরও পড়ুন

গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬ গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় বিগত সরকারের আমলে দুর্বল হয়ে পড়া অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অর্থনীতি পুনরুদ্ধার ও দেশ গঠনে মনোযোগ দিয়েছেন। প্রশাসনিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের উদ্যোগও নিয়েছেন।


ক্ষমতার শীর্ষে থেকেও রাষ্ট্রীয় সম্পদের অপচয় রোধ এবং ব্যক্তিগত বিলাসিতা পরিহারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের চেষ্টা করছেন বলে দাবি করছেন তাঁর ঘনিষ্ঠজনেরা। প্রটোকলের বেড়াজাল এড়িয়ে সাধারণ মানুষের মতো চলাফেরা, নিয়মিত সময়ে অফিসে উপস্থিতি এবং সচিবালয়ে কাজ করার বিষয়গুলোকে প্রশাসনে ইতিবাচক প্রভাব সৃষ্টির উদ্যোগ হিসেবে দেখছেন তাঁরা। তাঁদের মতে, এতে জনগণের ভোগান্তি কমার পাশাপাশি শাসক ও সাধারণ মানুষের দূরত্বও কমছে।


নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সামাজিক সুরক্ষা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, শিল্পায়ন ও জ্বালানি নিরাপত্তাকে সমন্বিত উন্নয়ন পরিকল্পনার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পরিবার ও কৃষকের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া কৃষিঋণ মওকুফ, দেশব্যাপী খাল খনন ও পুনর্খনন এবং বৃক্ষরোপণের মতো কর্মসূচিও সরকারের অগ্রাধিকারে রয়েছে।

আরও পড়ুন

শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী ১৯ নভেম্বর ২০২৬ শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী


রাষ্ট্রীয় ব্যয় সংকোচনেও বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরছেন ক্ষমতাসীন দলের নেতারা। সরকারি বিলাসিতা পরিহার, নিজস্ব বাহন ব্যবহার, বিদেশ সফরে মিতব্যয়িতা, বিদ্যুৎ সাশ্রয়ে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং সরকারি অনুষ্ঠানে সাধারণ খাবার পরিবেশনের মতো পদক্ষেপকে তাঁরা ব্যয় কমানোর উদ্যোগ হিসেবে দেখছেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


বিএনপির নীতিনির্ধারকদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের রাষ্ট্রচিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো উন্নয়নকে শুধু অবকাঠামো নির্মাণ বা অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিসংখ্যানে সীমাবদ্ধ না রাখা। মানুষের জীবনমান, সামাজিক নিরাপত্তা, কর্মসংস্থান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সক্ষমতাকে উন্নয়নের সঙ্গে যুক্ত করতে চান তিনি। তাঁর ঘোষিত ‘থ্রি-আর’—রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন কৌশলে অর্থনৈতিক পুনরুদ্ধার, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কার্যকারিতা ফিরিয়ে আনা এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের ভিত্তি নির্মাণের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

আরও পড়ুন

নড়াইলে কৃষকদল নেতা হ/ত্যার ঘটনায় রিজভীর নিন্দা ১৯ নভেম্বর ২০২৬ নড়াইলে কৃষকদল নেতা হ/ত্যার ঘটনায় রিজভীর নিন্দা


তবে সরকারের এই পথচলা নির্বিঘ্ন নয়। অর্থনৈতিক দুর্বলতা ও প্রাতিষ্ঠানিক সংকটের পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা দেখা দিচ্ছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভঙ্গুর অর্থনীতি ও দুর্বল রাষ্ট্রীয় কাঠামোর ওপর দাঁড়িয়েই সরকার পরিচালনার দায়িত্ব নিয়েছে বিএনপি। তাঁদের অভিযোগ, পরাজিত আওয়ামী লীগ ও অন্য রাজনৈতিক শক্তির একটি অংশ দেশের স্থিতিশীলতা নষ্ট এবং উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।


সব মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং রাজনৈতিক অস্থিরতা মোকাবিলা বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নিতে না পারলে সরকারের উন্নয়ন পরিকল্পনা ও নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়ন কঠিন হয়ে পড়তে পারে।


আরও পড়ুন

মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয়: রিজভী ১৯ নভেম্বর ২০২৬ মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কোনো রাজনৈতিক দলের কাজ নয়: রিজভী

অন্যদিকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে রাজনৈতিক পর্যবেক্ষক ও সাধারণ নাগরিকদের প্রত্যাশাও অনেক। দীর্ঘ আন্দোলনের পর গণতান্ত্রিক উত্তরণের যে স্বপ্ন মানুষ দেখেছে, তা বাস্তবায়নে সুশাসন, মতপ্রকাশের স্বাধীনতা এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করা জরুরি। বিরোধী মত ও সমালোচনাকে সহনশীলতার সঙ্গে মোকাবিলা করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলাও তাঁর নেতৃত্বের অন্যতম পরীক্ষা।


বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন কালবেলাকে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশ ও জনগণের জন্য বিরামহীনভাবে কাজ করছেন। সরকার পরিচালনায় তিনি নতুনত্ব নিয়ে আসছেন। রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আসনে থেকেও সাধারণ মানুষের কাতারে নেমে আসার মানসিকতা প্রশাসনিক সংস্কার ও নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করবে। ব্যক্তিগত বিলাসিতা ত্যাগ, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং প্রকৃতি ও মানুষের প্রতি মমত্ববোধ একটি স্বনির্ভর, মানবিক ও সবুজ বাংলাদেশ গঠনের ভিত্তি হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।


তারেক রহমানের ৬২তম জন্মদিনে তাঁর নেতৃত্বে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন এই বিএনপি নেতা।

রাজনীতি থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন