ছবি ভিডিও মতামত
সর্বশেষ
সারা দেশ

শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ, চুয়াডাঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১২: ১৬
শিক্ষার্থীদের উত্ত্যক্তের প্রতিবাদ, চুয়াডাঙ্গায় যুবককে পিটিয়ে হত্যা
সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে ইমদাদুল হক (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় নাইস (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর এলাকার নওদাবন্ডবিলে এ ঘটনা ঘটে।

নিহত ইমদাদুল হক নওদাবন্ডবিল এলাকার রেজাউল হকের ছেলে। আটক নাইস পৌর এলাকার গোবিন্দপুরের মজনু রহমানের ছেলে।

আরও পড়ুন

পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত ৫ মিনিট আগে পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার বিষয়টি নিয়ে ইমদাদুলের সঙ্গে নাইসের আগে একাধিকবার কথা-কাটাকাটি হয়েছিল। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নাইস স্কুলগামী শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে আসছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ তৈরি হয়।

ঘটনার দিন বুধবার রাতে ইমদাদুল নাইসের বাড়িতে যান। শিক্ষার্থীদের উত্ত্যক্ত করার বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানাতে চেয়েছিলেন তিনি। এ সময় নাইসের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নাইস কাঠ দিয়ে ইমদাদুলের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন

টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল ৪ ঘণ্টা আগে টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল

প্রত্যক্ষদর্শী উজ্জ্বল হোসেন জানান, বিদেশ যাওয়ার উদ্দেশ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন ইমদাদুল। পরদিন বুধবার রাত ৯টার দিকে তিনি নাইসের বাড়িতে যান। সেখানে তিনি গুরুতর আহত হন।

এদিকে ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে পৌর এলাকার লালব্রীজ এলাকা থেকে নাইসকে আটক করা হয়।

আরও পড়ুন

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ৪ ঘণ্টা আগে পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত নাইসকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানান তিনি।


সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন