ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বরেন্দ্র অঞ্চলের ১২৩ উপজেলায় পানি ও স্যানিটেশন সুবিধা বাড়াবে সরকার আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার অভিযোগ নিয়ে যা বললেন রিজভী ব্যাঙ্ককে বাংলাদেশকে আশ্বাস, নিশ্চিত নয় অর্থায়ন বিক্ষোভে উত্তাল মণিপুর, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে সংবিধান সংশোধন কমিটির বৈঠক গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৬৪ লাখের বেশি এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা ইরানে নতুন করে হামলা না চালানোর আহ্বান আট দেশের শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই, বদলাবে শিখনপদ্ধতি
সারা দেশ

চুয়েটে ১৮ কর্মদিবসে ৮৬৪ ক্লাস ও ৩৩ পরীক্ষা বাতিল, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ১২: ০৫
চুয়েটে ১৮ কর্মদিবসে ৮৬৪ ক্লাস ও ৩৩ পরীক্ষা বাতিল, অনিশ্চয়তায় শিক্ষার্থীরা
সংগৃহীত

উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট প্রশাসনিক সংকটের সমাধান না হওয়ায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) একাডেমিক কার্যক্রমে দীর্ঘস্থায়ী অচলাবস্থা তৈরি হয়েছে। গত ১৮ কর্মদিবসে স্নাতক পর্যায়ে বাতিল হয়েছে ৮৬৪টি ক্লাস ও ৩৩টি সেমিস্টার ফাইনাল পরীক্ষা। ল্যাব কার্যক্রমও বন্ধ থাকায় সাড়ে চার হাজারের বেশি শিক্ষার্থীর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। হিসাব অনুযায়ী, এ সময়ে শিক্ষার্থীদের সম্মিলিতভাবে নষ্ট হয়েছে প্রায় ৫ লাখ ৬৭ হাজার শিক্ষাঘণ্টা।


উপাচার্য নিয়োগ নিয়ে বিরোধের সমাধান না হওয়ায় শুক্রবার থেকে পূজার ছুটিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়টি। ফলে কবে নাগাদ নিয়মিত ক্লাস, ল্যাব ও পরীক্ষা শুরু হবে, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। দীর্ঘ সময় শিক্ষাকার্যক্রম বন্ধ থাকায় সেশনজট, চাকরির আবেদনের সুযোগ হারানো এবং বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তির নির্ধারিত সময়সীমা মিস করার আশঙ্কা করছেন তাঁরা।

আরও পড়ুন

গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ৪ ঘণ্টা আগে গাজীপুরে গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

তৃতীয় বর্ষের শিক্ষার্থী নোমান আহমদ নাঈম মৃধা বলেন, টানা ২৪ দিন ক্লাস ও ল্যাব বন্ধ থাকায় তাঁদের সেশনজটের পাশাপাশি চাকরির বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ হারানো এবং বিদেশে উচ্চশিক্ষা ও বৃত্তির সময়সীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একটি প্রশাসনিক সংকটের কারণে হাজারো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মইনুল ইসলাম জানান, পূজার ছুটি শেষে পরীক্ষা শুরু করার জন্য সংশ্লিষ্ট বিভাগের বিভাগীয় প্রধানদের, যাঁরা পরীক্ষা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, চিঠি দিতে হবে। এরপর বিষয়টি একাডেমিক কাউন্সিলে অনুমোদনের জন্য যাবে। অনুমোদন পাওয়ার পরই পরীক্ষা শুরুর প্রক্রিয়া এগোবে। ফলে ছুটির পরপরই পরীক্ষা শুরু হবে কি না, তা নির্ভর করছে প্রশাসনিক সিদ্ধান্ত ও অনুমোদনের ওপর।

আরও পড়ুন

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা ৬ ঘণ্টা আগে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক অবরোধ, দুর্ভোগে যাত্রীরা

চুয়েটে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে পাঁচটি অনুষদের অধীনে মোট ১৮টি বিভাগ রয়েছে। এর মধ্যে স্নাতক পর্যায়ে ১২টি বিভাগে নিয়মিত ক্লাস চলে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রয়েছেন ২০০-এর বেশি এবং শিক্ষার্থীর সংখ্যা সাড়ে চার হাজারের বেশি। চলমান সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা, কারণ তাঁদের নিয়মিত ক্লাস, ব্যবহারিক শিক্ষা ও সেমিস্টার পরীক্ষা একই সঙ্গে ব্যাহত হচ্ছে।

গত ২২ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত স্নাতক পর্যায়ে বিভিন্ন বিভাগের মোট ৩৩টি সেমিস্টার ফাইনাল পরীক্ষা বাতিল হয়েছে। এর মধ্যে ষষ্ঠ সেমিস্টারের সাতটি, সপ্তম সেমিস্টারের ২২টি এবং চতুর্থ সেমিস্টারের চারটি পরীক্ষা রয়েছে। বিভাগভিত্তিক হিসাবে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের তিনটি এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের চারটি পরীক্ষা বাতিল হয়েছে।

সপ্তম সেমিস্টারে ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চারটি করে পরীক্ষা বাতিল হয়েছে। এ ছাড়া মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং ও ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের তিনটি করে এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি পরীক্ষা বাতিল হয়েছে। ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ সেমিস্টারের চারটি পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি।

আরও পড়ুন

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু ২৩ অক্টোবর ২০২৬ পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

ক্লাসের হিসাবেও ক্ষতির পরিমাণ বড়। ২২ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত শুক্র ও শনিবার এবং সরকারি ছুটি বাদ দিলে মোট ১৮টি কর্মদিবস পাওয়া যায়। স্নাতক পর্যায়ের ১২টি বিভাগে প্রতিদিন চারটি করে ক্লাস হওয়ার কথা ছিল। সে হিসাবে প্রতিটি বিভাগে ৭২টি করে এবং সব বিভাগ মিলিয়ে ৮৬৪টি ক্লাস বাতিল হয়েছে। এর বাইরে প্রতি সপ্তাহে দুই থেকে তিনটি ব্যবহারিক ক্লাস হওয়ার কথা থাকলেও ল্যাব কার্যক্রম বন্ধ থাকায় সেগুলোও ব্যাহত হয়েছে।

শিক্ষার্থীদের জন্য প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত সাত ঘণ্টার শিক্ষাসময় বিবেচনায় ১৮ কর্মদিবসে একজন শিক্ষার্থীর ১২৬ ঘণ্টা পাঠদানের সময় ব্যাহত হয়েছে। সাড়ে চার হাজার শিক্ষার্থীর হিসাবে মোট শিক্ষাসময়ের ক্ষতি দাঁড়িয়েছে ৫ লাখ ৬৭ হাজার ঘণ্টা। এ ক্ষতি শুধু ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ নয়; নিয়মিত পাঠক্রম, ব্যবহারিক দক্ষতা অর্জন এবং সেমিস্টারভিত্তিক মূল্যায়নের ধারাবাহিকতাও এতে ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন

গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২ ২৩ অক্টোবর ২০২৬ গাজীপুরে কাভার্ড ভ্যানের চাপায় এসআইসহ নিহত ২, আহত ২

চলমান পরিস্থিতিতে ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের উদ্বেগ আরও বেশি। গত বছর বিভাগের নাম পরিবর্তনসংক্রান্ত আন্দোলনের কারণে তাঁদের শিক্ষাজীবন থেকে প্রায় দুই মাস পিছিয়ে পড়তে হয়েছিল। নতুন করে চলমান অচলাবস্থায় তাঁদের একাডেমিক কার্যক্রম আরও পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এদিকে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শরীফুল আলম দুই দিন চিকিৎসা নেওয়ার পর বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়েন এবং চট্টগ্রাম সার্কিট হাউসে ওঠেন। হাসপাতাল থেকে তিনি জানান, কাউকে মুচলেকা দিয়ে ক্যাম্পাস ছাড়েননি। উপাচার্য হিসেবে তিনি যেকোনো সময় চুয়েটে যেতে পারবেন বলেও উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে সরকারের ইতিবাচক সংকেত রয়েছে।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাসেল আহমেদ বলেন, পরীক্ষা বাতিল হওয়ায় তাঁদের শিক্ষাজীবন দীর্ঘায়িত হচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় স্নাতক শেষ করতে দেরি হলে চাকরির সুযোগ কমে যেতে পারে। সময়মতো ডিগ্রি শেষ না হওয়ায় সরকারি চাকরির পরীক্ষা মিস করার পাশাপাশি চাকরিতে আবেদনের বয়সসীমা নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছে। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট সেশনে আবেদন করতে না পারলে পরবর্তী সুযোগের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে বলেও জানান তিনি।

আরও পড়ুন

চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২ ২৩ অক্টোবর ২০২৬ চকরিয়ায় শ্যামলী বাসের সঙ্গে পিকআপের সংঘর্ষ, নিহত ২

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সংকট দীর্ঘায়িত হলে এর প্রভাব শুধু বর্তমান সেমিস্টারের পরীক্ষা বা ক্লাসে সীমাবদ্ধ থাকবে না। শিক্ষার্থীদের স্নাতক সম্পন্ন করার সময় পিছিয়ে গেলে চাকরির বাজারে প্রবেশ, উচ্চশিক্ষায় আবেদন এবং গবেষণার পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে। বিশেষ করে প্রকৌশল শিক্ষায় ল্যাব ও ব্যবহারিক ক্লাসের গুরুত্ব বেশি হওয়ায় এগুলো বন্ধ থাকার ক্ষতি পরে অতিরিক্ত ক্লাস নিয়ে পুরোপুরি পুষিয়ে নেওয়া কঠিন হতে পারে।

এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক সমাধান, একাডেমিক ক্যালেন্ডার পুনর্নির্ধারণ এবং বাতিল হওয়া পরীক্ষা ও ক্লাসের ক্ষতি পুষিয়ে নেওয়ার বাস্তবসম্মত পরিকল্পনা জরুরি। শিক্ষার্থীদের সেশনজট ও চাকরির আবেদনের বয়সসীমা নিয়ে উদ্বেগ কমাতে কর্তৃপক্ষকে স্পষ্ট সময়সূচি জানাতে হবে। দীর্ঘদিনের এই অচলাবস্থার অবসান না হলে দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার ধারাবাহিকতা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে।

সারা দেশ থেকে আরও পড়ুন

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Bangladesh নিয়ে আরও পড়ুন