https://newsbdc.com/sara-desh/mvaxegsbb9
ভারত থেকে কেনা ১৮ টি ব্রডগেজ রেলকোচ দেশে এসেছে
ভারত থেকে কেনা ১৮টি ব্রডগেজ রেলকোচ বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কোচগুলো দেশে প্রবেশ করে।
এ সময় বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা দর্শনা সীমান্তে কোচগুলো গ্রহণ করেন। নতুন রেলকোচ দেখতে সীমান্ত এলাকায় ভিড় করেন উৎসুক মানুষ।
আসা ১৮টি কোচের মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার।
আরও পড়ুন
পর্যটকদের জন্য খুলছে সেন্টমার্টিন, আরও যেসব সিদ্ধান্ত ৫ মিনিট আগে
গত ১২ অক্টোবর ভারতের পাঞ্জাবের কাপুরথালার রেলকোচ ফ্যাক্টরি থেকে কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পরে পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থানের পর শুক্রবার সেগুলো দর্শনা সীমান্ত দিয়ে বাংলাদেশে পৌঁছায়।
দর্শনায় কাস্টমস ক্লিয়ারেন্সসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে কোচগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে।
আরও পড়ুন
টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল ৪ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে কোচগুলো বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হবে। এতে যাত্রীসেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে।
পাকশী বিভাগের যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, কোচগুলো দর্শনা সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছে। এরপর সেগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে ট্রায়াল রান শেষে কোচগুলোর মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) সম্পাদিত চুক্তি অনুযায়ী, মোট ২০০টি এলএইচবি ব্রডগেজ রেলকোচ সরবরাহের এটি প্রথম চালান।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।