https://newsbdc.com/sara-desh/mvdg00otcr
চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণসহ আটক কৃষক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তে ভারতে পাচারের সময় ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৭০০ গ্রাম।
শনিবার (১৭ অক্টোবর) রাতে মুন্সিপুর সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ টহল দল এ অভিযান চালায়। আটক দবির উদ্দিন দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের মো. দলিলের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।
আরও পড়ুন
টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, জব্দ ৩ কোটি টাকার কারেন্ট জাল ২৫ মিনিট আগে
বিজিবি সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীন মুন্সিপুর বিওপির সদস্যরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর কবরস্থান এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচারের চেষ্টা চলছে। এ তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই এলাকায় অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন।
একপর্যায়ে সীমান্ত অতিক্রম করে স্বর্ণ পাচারের চেষ্টাকালে দবির উদ্দিনকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে বিশেষভাবে লুকিয়ে রাখা ছয়টি স্বর্ণের বার উদ্ধার করেন বিজিবি সদস্যরা।
আরও পড়ুন
পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটা সৈকত পরিচ্ছন্নতায় ছাত্রদলের দুই শতাধিক নেতাকর্মী ৫৩ মিনিট আগে
বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলোর মোট ওজন ৭০০ গ্রাম। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। জব্দ করা স্বর্ণ সরকারি ট্রেজারিতে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
আরও পড়ুন
সাঈদীর মামলার বাদীর মুক্তিযোদ্ধা পরিচয় নিয়ে তদন্ত দাবি মাসুদ সাঈদীর ১ ঘণ্টা আগে
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও স্বর্ণের চোরাচালান বন্ধে বিজিবি সর্বোচ্চ তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও জোরদার থাকবে।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।