https://newsbdc.com/sara-desh/mw1r70sqmc
বিচ্ছেদের ২৫ দিনের মাথায় সাবেক স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ
প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, এরপর পারিবারিক বিরোধে বিচ্ছেদ। এর প্রায় ২০ থেকে ২৫ দিনের মাথায় মাত্র ৮ থেকে ৯ ঘণ্টার ব্যবধানে পৃথক স্থান থেকে সাবেক স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুরে মুক্তা আক্তার (১৯) মারা যান। পরদিন মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর ইউনিয়নের আটবাড়ি গ্রামে নিজ বাড়ির বারান্দা থেকে তার সাবেক স্বামী মো. সাকিব মিয়ার (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটবাড়ি গ্রামের সুনো মিয়ার ছেলে সাকিব বিবাহিত থাকা অবস্থায় তার মামাতো বোন ও গাজীপুরের শ্রীপুরে কর্মরত মুক্তার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। পরে তারা বিয়ে করেন। বিষয়টি জানাজানি হলে সাকিবের আগের সংসারে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জেরে প্রায় ২৫ দিন আগে মুক্তাকে তালাক দেন সাকিব।
আরও পড়ুন
শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যের প্রতিবাদে টঙ্গীতে বিএনপির অবস্থান কর্মসূচি ১ ঘণ্টা আগে
এরপর সোমবার মুক্তার মৃত্যুর খবর মোহনগঞ্জে পৌঁছালে পরদিন সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে দুজনই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
জানা গেছে, মুক্তার বাবা বাবুল মিয়া শ্রীপুর থানাকে না জানিয়ে মেয়ের মরদেহ ফাগুয়া গ্রামের বাড়িতে নিয়ে যান। সেখানে দাফনের প্রস্তুতিকালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন
যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ ২০ ঘণ্টা আগে
মোহনগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল আওয়াল জানান, দুজনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিক আলামত দেখে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।
থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।