https://newsbdc.com/sara-desh/mw0jvs5qbn
‘ইশ্, প্রধানমন্ত্রী যদি প্রতি মাসে একবার খুলনায় আসতেন’
মামলাসংক্রান্ত কাজে মঙ্গলবার খুলনার আদালতে এসেছিলেন তিনি। আদালতপাড়া থেকে কয়েক গজ দূরেই খুলনা জেলা স্টেডিয়াম। স্টেডিয়াম ঘিরে আশপাশের সড়ক ও এলাকাজুড়ে পরিচ্ছন্নতা, সাজসজ্জা দেখে অবাক হন মোজাফ্ফর। হঠাৎ এত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সাজসজ্জার কারণ জানতে চাইলে পাশে থাকা এক আইনজীবীর মুহুরি তাঁকে জানান, ৫ নভেম্বর প্রধানমন্ত্রী স্টেডিয়ামে আসবেন। এ কথা শুনেই এমন মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার সকালে স্টেডিয়ামপাড়া ঘুরে দেখা যায়, এলাকাটির চেহারা অনেকটাই বদলে গেছে। সড়কে চোখে পড়ছে না ময়লা-আবর্জনা। দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ বিভিন্ন ধরনের গ্রাফিতি। কেডি ঘোষ রোড, হাজী মহসীন রোডসহ নগরের বিভিন্ন সড়ক সাজানো হয়েছে ব্যানার, ফেস্টুন ও তোরণে।
আরও পড়ুন
যৌন হয়রানির প্রতিবাদে ১০ শিক্ষার্থীকে ক্লাসের বাইরে রাখার অভিযোগ, বিক্ষোভ ৫৮ মিনিট আগে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফর ঘিরে নগরজুড়ে চলছে প্রস্তুতি। দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি নগর কর্তৃপক্ষও পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজে ব্যস্ত। তবে এবার অতিরিক্ত ব্যানার-ফেস্টুন কিংবা তোরণ নির্মাণের বদলে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে মঙ্গলবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে নিরাপত্তার দায়িত্ব বণ্টন করা হবে। একটি গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীকে চার স্তরের নিরাপত্তা দেওয়া হতে পারে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মহানগর ও জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রতিদিন চলছে সভা, বর্ধিত সভা ও মতবিনিময়। দলীয় নেতাদের লক্ষ্য, অপ্রয়োজনীয় ব্যানার-ফেস্টুন ও তোরণ এড়িয়ে পুরো আয়োজন সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা।
আরও পড়ুন
সুন্দরবনে শিকারিদের ফাঁদে দুই হরিণ, জীবিত উদ্ধার ১ ঘণ্টা আগে
দলীয় সূত্রে জানা গেছে, খুলনা মহানগর ও জেলা বিএনপি যৌথভাবে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। রূপসার কুদির বটতলা থেকে রূপসা বাইপাস সড়ক হয়ে শেরেবাংলা রোড ও পাওয়ার হাউস মোড় পেরিয়ে জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে নেতা-কর্মী ও সাধারণ মানুষ অবস্থান নেবেন বলে পরিকল্পনা করা হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, ‘কুদির বটতলা থেকে শুরু করে রূপসা বাইপাস হয়ে জেলা স্টেডিয়ামমুখী পুরো পথজুড়ে খুলনাবাসীর যে পুষ্পবৃষ্টি ও অভিনন্দনের জোয়ার বইবে, তা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’
খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, নগরের প্রবেশদ্বার থেকে খুলনা জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে নেতা-কর্মীরা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন—এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করতে সিটি করপোরেশন সর্বাত্মক চেষ্টা করেছে। খুলনার প্রবেশদ্বার জিরো পয়েন্ট থেকে শুরু করে পুরো শহর পরিচ্ছন্নতার আওতায় আনা হয়েছে। সিটি করপোরেশনের পাশাপাশি বিএনপির নেতা-কর্মীরাও এ কাজে অংশ নিয়েছেন।
আরও পড়ুন
সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষার্থী নিহত, মহাসড়ক-রেললাইন অবরোধ ২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর সফরের দিন খুলনা জেলা স্টেডিয়াম থেকে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার দ্বিতীয় আসরের উদ্বোধন করা হবে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এবার প্রতিযোগিতায় অংশ নিতে প্রায় ১৬ লাখ ২৩ হাজার শিশু-কিশোর নিবন্ধন করেছে। প্রথম আসরে নিবন্ধিত হয়েছিল ১ লাখ ৬৮ হাজার শিশু-কিশোর। দ্বিতীয় আসরে ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে দল গঠন করা হয়েছে। এতে প্রায় ১৪ লাখ ক্রীড়াবিদ অংশ নেবেন।
খুলনা ও মোংলায় প্রধানমন্ত্রীর কর্মসূচি
বৃহস্পতিবার বাগেরহাট ও খুলনায় দিনব্যাপী সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, সকাল ৮টা ৪৫ মিনিটে তিনি নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। সকাল ৯টা ১৫ মিনিটে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলা বন্দরের উদ্দেশে যাত্রা করবেন।
আরও পড়ুন
২৫০ শয্যার হাসপাতালে ১০০ শয্যার জনবল, ভোগান্তিতে রোগীরা ৩ ঘণ্টা আগে
সকাল ১০টায় মোংলা বন্দরে পৌঁছে ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেবেন এবং শুভেচ্ছা বিনিময় করবেন। সকাল সাড়ে ১০টায় মোংলা বন্দরের সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক সুবিধা উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বন্দর এলাকার কর্মসূচি শেষে বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। দুপুর ১২টা ৪৫ মিনিটে সেখানে পৌঁছে মাজার জিয়ারত করবেন।
দুপুর ১টা ১৫ মিনিটে মাজার থেকে সড়কপথে খুলনা শহরের উদ্দেশে যাত্রা করবেন। দুপুর ২টা ১৫ মিনিটে খুলনা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় বিরতি নেবেন।
আরও পড়ুন
পটুয়াখালীতে ১৩ লাখ টাকার শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ ৩ ঘণ্টা আগে
বিকেল ৩টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
বিকেল সাড়ে ৪টায় হেলিপ্যাডে পৌঁছে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিকেল ৫টা ১৫ মিনিটে তাঁর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাট ও খুলনা জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।