https://newsbdc.com/business-economy/mvq97r1pgx
পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের
আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১ ট্রিলিয়ন জাপানি ইয়েন বা ৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার বেসরকারি খাতে বিনিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছে জাপান। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান তাকাইচি।
আরও পড়ুন
প্রযুক্তি ও টেকসই উৎপাদনে বাংলাদেশের পোশাকশিল্পে এমএএসের উদ্যোগ ৪৪ মিনিট আগে
‘বিগ-বি’ উদ্যোগ সম্প্রসারণ
জাপানের প্রধানমন্ত্রী জানান, দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম ভিত্তি ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা ‘বিগ-বি’ উদ্যোগকে আরও সম্প্রসারণ করা হচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত হয়ে উদ্যোগটিকে ‘সমৃদ্ধি ভাগাভাগি করার বিগ-বি’ হিসেবে এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি।
অর্থনৈতিক সম্পর্ক জোরদারে দ্রুততম সময়ে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকর করা এবং বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ উন্নত করার ওপর গুরুত্ব দেন তাকাইচি।
এ ছাড়া দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও এগিয়ে নিতে নিকট ভবিষ্যতে বাংলাদেশে জাপানি ব্যবসায়িক প্রতিনিধিদল পাঠানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
আরও পড়ুন
বিদেশি সহায়তার প্রতিশ্রুতি বেড়েছে ৪০ শতাংশ ১ ঘণ্টা আগে
চার স্তম্ভে কৌশলগত অংশীদারত্ব
জাপানের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-জাপানের নতুন কৌশলগত অংশীদারত্ব চারটি স্তম্ভের ওপর ভিত্তি করে এগিয়ে নেওয়া হবে। এগুলো হলো—
- আঞ্চলিক যোগাযোগব্যবস্থার উন্নয়ন;
- প্রাকৃতিক দুর্যোগ ও ভূরাজনৈতিক ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি;
- সরকারি-বেসরকারি উদ্যোগে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুযোগ সৃষ্টি ও কার্যকর নিয়মনীতি প্রণয়ন;
- আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা।
তাকাইচি বলেন, অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি নিরাপত্তা খাতেও বাংলাদেশের সক্ষমতা বাড়াতে কাজ করবে জাপান।
আরও পড়ুন
বৈদেশিক সহায়তার দ্বিগুণের বেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ ২৬ অক্টোবর ২০২৬
টহল জাহাজ দেওয়ার সিদ্ধান্ত
সামুদ্রিক নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সরকারি উন্নয়ন সহায়তা (ওডিএ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে টহল জাহাজ দেওয়ার নতুন সিদ্ধান্তের কথা জানান জাপানের প্রধানমন্ত্রী।
এ ছাড়া অফিসিয়াল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স (ওএসএ) এবং প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখে এ অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করার অঙ্গীকার করেন তিনি।
আঞ্চলিক যোগাযোগে বাংলাদেশের গুরুত্ব
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়াকে সংযুক্ত করার ক্ষেত্রে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেন তাকাইচি। তাঁর মতে, এ ক্ষেত্রে বাংলাদেশের সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও তাৎপর্যপূর্ণ।
আরও পড়ুন
পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগ করতে চায় জাপান ২৬ অক্টোবর ২০২৬
বক্তব্যের শেষে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎমুখী কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে দুই দেশ আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়ে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন অধ্যায় এগিয়ে নিতে চায়।
এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান সানায়ে তাকাইচি। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।