https://newsbdc.com/business-economy/mwaar97eef
ডলারের বাজারে কারসাজি হলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
মধ্যপ্রাচ্যের অস্থিরতা, রেমিট্যান্স প্রবাহে ধীরগতি এবং আমদানি ব্যয় বৃদ্ধির প্রভাবে দেশে ডলারের বাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। ব্যাংকগুলোতে ডলারের সরবরাহ কমে যাওয়ায় খোলাবাজারে প্রতি ডলারের দাম প্রায় ১২৯ টাকায় পৌঁছেছে। তবে এ পরিস্থিতিকে পুঁজি করে কেউ বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
মধ্যপ্রাচ্যের অস্থিরতা ও যুদ্ধের প্রভাব পড়েছে বৈদেশিক মুদ্রার বাজারেও। ব্যাংকে ডলারের সংকট থাকায় খোলাবাজারের মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলারের দাম প্রায় ১২৯ টাকা। চাহিদা বেড়ে যাওয়ায় এ দামেও ডলার পাওয়া কঠিন হয়ে পড়েছে।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে
ডলার কিনতে আসা ক্রেতাদের অভিযোগ, মানি এক্সচেঞ্জগুলোতে ডলারের দাম অনেক বেশি চাওয়া হচ্ছে। প্রথমে এক দাম জানানো হলেও পরে আবার অন্য দাম বলা হচ্ছে। তাঁদের দাবি, ব্যাংকেও ডলার কিনতে বেশি অর্থ গুনতে হচ্ছে।
মানি এক্সচেঞ্জাররা বলছেন, দেশে ডলারের সরবরাহ কমেছে। প্রবাসীদের দেশে আসার প্রবণতা আগের তুলনায় কম থাকায় বাজারে ডলারের সরবরাহেও প্রভাব পড়েছে।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
খোলাবাজারে ডলারের দাম বাড়লেও ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিভাগে পরিস্থিতি কিছুটা ভিন্ন। সেখানে ডলারের সংকটের কারণে বিদেশগামীরা প্রয়োজনীয় ডলারের পরিবর্তে অন্য বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে সন্তুষ্ট থাকছেন।
সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে সেখানে স্থানীয় কর্মসংস্থানের বাজারে মন্দা দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে রেমিট্যান্স প্রবাহে। অন্যদিকে, গত কয়েক মাসে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের আমদানি মূল্য ও পরিবহন খরচ বেড়েছে। এতে বৈদেশিক মুদ্রা আয় ও ব্যয়ের ব্যবধান আরও বাড়ছে।
আরও পড়ুন
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার (লোকাল অফিস) মো. শফিকুল ইসলাম বলেন, ডলারের চাহিদা কিছুটা বেড়েছে। একই সঙ্গে সরবরাহও কিছুটা কমেছে। এ কারণে সাময়িকভাবে কিছুটা অসামঞ্জস্য তৈরি হয়েছে। তবে আগামী দিনগুলোতে এ পরিস্থিতি থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
এদিকে, ডলারের সরবরাহ স্বাভাবিক রাখতে রিজার্ভ থেকে বাজারে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বাজার স্থিতিশীল রাখতে রিজার্ভ থেকে সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি সংকটকে কাজে লাগিয়ে বাজার অস্থিতিশীল করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কারও কারসাজির কারণে বিনিময় মূল্য বেড়ে থাকলে বাংলাদেশ ব্যাংক তা খতিয়ে দেখবে। কারা কারসাজি করছে বা কারা এর সঙ্গে জড়িত, তা অনুসন্ধান করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পরিস্থিতি সামাল দিতে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ক্রেডিট কার্ড ব্যবহারের পরামর্শ দিচ্ছে ব্যাংকগুলো।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।