ছবি ভিডিও মতামত
সর্বশেষ
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ
ব্যবসা-বাণিজ্য

এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর, কাজে লাগানোই বড় পরীক্ষা

প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১৯: ০০
এলডিসি উত্তরণে বাড়তি তিন বছর, কাজে লাগানোই বড় পরীক্ষা



তাঁদের মতে, বাড়তি তিন বছরে পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, উৎপাদনশীলতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার, শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং বাণিজ্য চুক্তি সম্পাদনে দৃশ্যমান অগ্রগতি আনতে হবে। একই সঙ্গে ব্যাংকিং খাত, রাজস্ব ব্যবস্থাপনা, জ্বালানি সরবরাহ, বন্দর ও কাস্টমস ব্যবস্থায় সংস্কার জরুরি। এসব ক্ষেত্রে অগ্রগতি না হলে উত্তরণের সময় পেছানোর সুফল কাজে আসবে না।


গত ২৯ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদ বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেয়। এর ফলে ২০২৬ সালের ২৪ নভেম্বরের পরিবর্তে আরও তিন বছর সময় পাওয়া যায়। তবে জাতিসংঘের এ সিদ্ধান্তের সঙ্গে অর্থনীতির কাঠামোগত সংস্কার বাস্তবায়নের প্রত্যাশাও যুক্ত রয়েছে। অর্থাৎ বাড়তি সময় কাজে লাগিয়ে অর্থনীতির দুর্বলতা দূর করতে হবে।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন


বাড়তি সময় কীভাবে কাজে লাগানো হবে, সে বিষয়ে সরকারের একটি সময়বদ্ধ সংস্কার পরিকল্পনা রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে গঠিত জাতীয় গ্র্যাজুয়েশন মনিটরিং অ্যান্ড কো-অর্ডিনেশন কমিটি এ প্রক্রিয়া তদারক করছে। সরকারের ‘ন্যাশনাল রোডম্যাপ ফর স্মুথ, সাসটেইনেবল অ্যান্ড ইররিভার্সিবল এলডিসি গ্র্যাজুয়েশন ২০২৬-২০২৯’ শীর্ষক পরিকল্পনায় অর্থনৈতিক স্থিতিশীলতা, বাণিজ্যসুবিধা ধরে রাখা, রপ্তানি বহুমুখীকরণ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতাকে পাঁচটি প্রধান অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে।


অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি এখনো সম্পূর্ণ হয়নি। তাই কৌশলগতভাবে আরও তিন বছর সময় প্রয়োজন। এই সময়ে মৌলিক অর্থনৈতিক সূচক শক্তিশালী করা, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন এবং দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে নাগরিকদের আকস্মিক অর্থনৈতিক ধাক্কা থেকে সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে তাঁর বক্তব্যে।


আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

ইতোমধ্যে জাতীয় পর্যায়ের সমন্বয় কমিটির বৈঠকে ২০২৬-২০২৯ সালের সংস্কার রোডম্যাপ অনুমোদিত হয়েছে। সাম্প্রতিক অগ্রগতির মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘের কাছে সময়ভিত্তিক সংস্কার পরিকল্পনা উপস্থাপন।


এ-সংক্রান্ত এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকিং খাত, রাজস্ব আদায় ও ব্যবসায়িক পরিবেশ উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এসব সংস্কারের অগ্রগতি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন বার্ষিক ভিত্তিতে পর্যবেক্ষণ করবে। ফলে শুধু পরিকল্পনা প্রণয়ন নয়, বাস্তবায়নের অগ্রগতিও দেখাতে হবে।


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাড়তি সময় কাজে লাগাতে সরকার সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে। এলডিসি উত্তরণের আগেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে আট থেকে ১০টি দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা এগিয়ে নেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুন

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬ লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ


এ উদ্যোগের অংশ হিসেবে জাপানের সঙ্গে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) গত ৬ ফেব্রুয়ারি স্বাক্ষরিত হয়েছে। এতে পণ্য ও সেবা বাণিজ্যের পাশাপাশি বিনিয়োগ, ই-কমার্স, মেধাস্বত্ব, কাস্টমস ও বাণিজ্য সহজীকরণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে চুক্তি স্বাক্ষরের পরও তা কার্যকর ও বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


কানাডা, মালয়েশিয়া, মরিশাস, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ বা সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির উদ্যোগ রয়েছে। পাশাপাশি আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব (আরসিইপি) জোটে যোগদানের প্রচেষ্টাও চলছে।

আরও পড়ুন

৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬ ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস


তবে শুধু চুক্তি করলেই রপ্তানি বাড়বে না। চুক্তির আওতায় বাংলাদেশের পণ্য কতটা শুল্কসুবিধা পাবে, উৎসবিধি কী হবে, দেশীয় শিল্প কতটা প্রতিযোগিতা করতে পারবে এবং সংশ্লিষ্ট দেশের বাজারে পণ্য প্রবেশের বাস্তব বাধা কতটা কমবে—এসব বিষয় বিবেচনায় নিতে হবে।


সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চ (সিএসইআর) এবং ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম বলেন, এলডিসি উত্তরণের বাড়তি সময় কোনো অর্জন নয়; বরং অর্থনীতির কাঠামোগত দুর্বলতা দূর করার সুযোগ। তাঁর বিশ্লেষণে, অগ্রাধিকারমূলক শুল্কসুবিধার ওপর অতিরিক্ত নির্ভরতা বাংলাদেশের জন্য বড় ঝুঁকি। কয়েক দশক ধরে এসব সুবিধা রপ্তানি প্রবৃদ্ধিতে সহায়তা করলেও এগুলো স্থায়ী প্রতিযোগিতামূলক সক্ষমতার বিকল্প হতে পারে না।


আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬ আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

সাকিফ শামীম মনে করেন, আন্তর্জাতিক বাজারে এখন শুধু কম শ্রমমূল্যের ওপর নির্ভর করে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। উৎপাদনশীলতা, পণ্যের মান, সরবরাহের সময়, প্রযুক্তির ব্যবহার, পরিবেশগত মানদণ্ড এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। এ জন্য কারখানায় আধুনিক প্রযুক্তি, স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থা, ডিজিটাল মান নিয়ন্ত্রণ এবং জ্বালানিসাশ্রয়ী যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে। একই সঙ্গে শ্রমিকদের প্রশিক্ষণ ও নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়ানোর সক্ষমতা তৈরি করতে হবে।


বাংলাদেশের রপ্তানি প্রতিযোগিতা বাড়ানোর ক্ষেত্রে বন্দর, কাস্টমস, পরিবহন ও জ্বালানি খাতের দুর্বলতাও বড় বাধা। চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা, কাস্টমসের জটিলতা এবং কনটেইনার ব্যবস্থাপনায় অদক্ষতার কারণে রপ্তানিকারকদের সময় ও ব্যয় বাড়ে। এ পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় সিঙ্গেল উইন্ডো কার্যকর করা, কাস্টমস অটোমেশন, রেল ও নৌপথের সঙ্গে বন্দরের সমন্বয় এবং শিল্পে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।


তিনি আরও বলেন, ইউরোপীয় বাজারে পরিবেশগত ও সামাজিক মানদণ্ডের গুরুত্ব বাড়ছে। কার্বন নিঃসরণ, বর্জ্য ব্যবস্থাপনা, পুনর্ব্যবহার, রাসায়নিক ব্যবস্থাপনা এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে ক্রেতা ধরে রাখা কঠিন হবে। তাই পরিবেশবান্ধব উৎপাদনকে বাড়তি ব্যয় হিসেবে না দেখে রপ্তানি বাজারে টিকে থাকার বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

ব্যবসা-বাণিজ্য নিয়ে আরও পড়ুন