https://newsbdc.com/business/mwiz2y5t6x
৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়ছে সরকার, মুনাফা ৭.৫০ শতাংশ
রোববার বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক জানায়, ‘অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ বিপরীতে এ সুকুক ইস্যু করা হবে। ‘স্বল্পমেয়াদি বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক (১৮২ দিন)’ নামে ইজারা পদ্ধতিতে এটি ছাড়া হবে। এর মেয়াদপূর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ২ জুন।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে
নিলামের মাধ্যমে ৩ হাজার কোটি টাকা অভিহিত মূল্যের সুকুক ইস্যু করা হবে। এতে বিনিয়োগকারীরা ১৮২ দিনে মোট ১১২ কোটি ১৯ লাখ টাকা ভাড়া বা মুনাফা পাবেন। মেয়াদপূর্তিতে এককালীন এ অর্থ পরিশোধ করা হবে।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ব্যাংকের শরিয়াহভিত্তিক সিকিউরিটিজ মডিউলের মাধ্যমে ১ ডিসেম্বর নিলাম অনুষ্ঠিত হবে। আগ্রহী বিনিয়োগকারীরা ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনলাইনে দরপত্র জমা দিতে পারবেন। ১০ হাজার টাকার গুণিতক হারে সুকুক কেনার জন্য দরপ্রস্তাব দেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি অথবা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে—এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরাসরি নিলামে অংশ নিতে পারবে। পাশাপাশি দেশি-বিদেশি ব্যক্তি বিনিয়োগকারী, করপোরেট প্রতিষ্ঠান, বিনিয়োগ কোম্পানি, বীমা কোম্পানি, প্রভিডেন্ট ফান্ড ও আমানত বীমা তহবিলের পক্ষ থেকেও বিনিয়োগের সুযোগ রয়েছে। তবে এসব বিনিয়োগকারীকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি বা আল-ওয়াদিয়াহ চলতি হিসাব রয়েছে—এমন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে দরপত্র জমা দিতে হবে।
আরও পড়ুন
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন বিনিয়োগকারীদের আগামী ২৯ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সুকুক বিনিয়োগকারী পরিচিতি নম্বর খোলার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিলামে সফল দরদাতাদের বরাদ্দ করা সুকুকের পরিমাণ ১ ডিসেম্বর বিকেল ৩টায় সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের নিজস্ব পরিচিতিতে জানিয়ে দেওয়া হবে।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।