https://newsbdc.com/business/mwk9em1sfb
দুই বছরেও পাচার হওয়া অর্থ ফেরাতে পারেনি টাস্কফোর্স
কত সম্পদ শনাক্ত হয়েছে, কতটুকু উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে কিংবা কবে নাগাদ অর্থ দেশে ফিরবে—এসব বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি সংশ্লিষ্টরা। বরং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সম্পর্কে অভিজ্ঞতা অর্জন, প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত এবং সক্ষমতা বাড়ানোকে বড় অগ্রগতি হিসেবে তুলে ধরেছে টাস্কফোর্স।
টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গণি চৌধুরী জানিয়েছেন, ছয়টি দেওয়ানি আইনি উদ্যোগের মধ্যে প্রথম দুটির নথিপত্র পর্যালোচনা করে ইতিবাচক মতামত পাওয়া গেছে। অর্থাৎ পাচার হওয়া সম্পদ উদ্ধারের চেয়ে এখন পর্যন্ত আইনি প্রস্তুতি ও সক্ষমতা অর্জনেই বেশি অগ্রগতি হয়েছে।
সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ফরহানুল গণি চৌধুরী। এ সময় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, সাবেক গভর্নর আহসান এইচ মনসুরের সময়ে পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং পাঁচ বছরের মধ্যে পাচার হওয়া অর্থ উদ্ধারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তার অগ্রগতি কোথায়? বিশেষ করে এস আলম গ্রুপের বিদেশে পাচার করা সম্পদের কতটুকু শনাক্ত বা উদ্ধার করা সম্ভব হয়েছে এবং কবে নাগাদ অর্থ দেশে ফিরতে পারে, সে বিষয়েও প্রশ্ন করা হয়। তবে এসব প্রশ্নের সরাসরি কোনো জবাব পাওয়া যায়নি।
জবাবে ফরহানুল গণি চৌধুরী বলেন, যতটুকু তথ্য প্রকাশ করার সুযোগ রয়েছে, ততটুকুই জানানো হবে। এক দেশ থেকে অন্য দেশে বেআইনিভাবে অর্থ পাচার করা যতটা সহজ, আইনি প্রক্রিয়ায় সেই অর্থ উদ্ধার করা ততটাই কঠিন। গত দুই বছরে এ বিষয়ে বাংলাদেশ অনেক কিছু শিখেছে। আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা তৈরি হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
তিনি বলেন, দুই বছর ধরে কাজ করার অর্থ এই নয় যে, এরপর আরও সাত বছর পর মূল কাজ শুরু হবে। এই দুই বছরের অভিজ্ঞতা ও প্রস্তুতিও পাঁচ বছরের সময়সীমার মধ্যেই বিবেচনায় থাকবে। দেশের ব্যাংকগুলোর ঋণসংক্রান্ত নথিপত্রের কিছু বাংলা ও কিছু ইংরেজিতে থাকায় সেগুলো আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা হয়েছে। বর্তমানে ১১টি দল একসঙ্গে কাজ করছে। আগামী এক বছরের মধ্যে অর্থ ফেরত আনার ভালো সুযোগ তৈরি হতে পারে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যে বলা হয়, আন্তর্জাতিক আইনি সহায়তা নেওয়ার প্রক্রিয়া এখনো জটিল ও সময়সাপেক্ষ। বিশেষ করে পারস্পরিক আইনি সহায়তার আবেদন বা এমএলআর তৈরির ক্ষেত্রে একেক দেশের আইন ও শর্ত একেক রকম। ফলে সব দেশের জন্য একই ধরনের আবেদন বা নথিপত্র ব্যবহার করা যায় না।
ফরহানুল গণি চৌধুরী বলেন, কোন দেশের কাছে কী ধরনের আবেদন করতে হবে, কী কী দলিল প্রয়োজন এবং সেগুলো কীভাবে উপস্থাপন করতে হবে, সে বিষয়ে গত দুই বছরে ভালো ধারণা তৈরি হয়েছে। তবে দেশের অভ্যন্তরীণ আনুষ্ঠানিকতা শেষ করে কূটনৈতিক চ্যানেলে আবেদন পাঠাতে দীর্ঘ সময় লাগে। এ প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করার বিকল্প পদ্ধতি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক পর্যায়ে খেলাপি ঋণ আদায়ের উদ্যোগে কিছু অগ্রগতির কথাও জানান তিনি। তাঁর দাবি, বিভিন্ন ব্যাংকের খেলাপি ঋণসংক্রান্ত নথিপত্র বিদেশি আইনি প্রতিষ্ঠানের কাছে পাঠানো হলে ছয়টি দেওয়ানি আইনি উদ্যোগের মধ্যে প্রথম দুটির নথি পর্যালোচনা করে ইতিবাচক মতামত পাওয়া গেছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এসব নথি আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ায় ব্যবহারের উপযোগী বলে মত দিয়েছে।
নথিপত্রের মধ্যে রয়েছে ঋণের মূল দলিল, খেলাপি ঋণসংক্রান্ত কাগজপত্র, ঋণ গ্রহণ ও অর্থ ব্যবহারের দলিল এবং ব্যক্তিগত জামিনসংক্রান্ত নথি। ফরহানুল গণি চৌধুরী বলেন, আন্তর্জাতিক পর্যায়ে ঋণ আদায়ের ক্ষেত্রে নথিপত্রের গ্রহণযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সংশ্লিষ্ট দেশের আইন ও বিচারিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
সম্পদ পুনরুদ্ধারের সক্ষমতা বাড়াতে আন্তর্জাতিক পরামর্শকদের যুক্ত করা হচ্ছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, টাস্কফোর্স প্রধান সমন্বয়কারীর ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক পরামর্শকদের সহায়তায় দেশের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর সমাধান এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের কাজ চলছে।
আরও পড়ুন
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬
সরকার পরিবর্তন হলে এ কার্যক্রমের ধারাবাহিকতা ব্যাহত হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফরহানুল গণি চৌধুরী বলেন, কাজ শুরু হয়েছে, তাই এটি শেষ হবে।
এদিকে বড় খেলাপি ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোকে আবার ঋণ দেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার পাশাপাশি সমস্যাগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে আবার উৎপাদনমুখী কর্মকাণ্ডে ফিরিয়ে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে। আইনে এ ক্ষেত্রে বিশেষ সুযোগ রাখা হয়েছে। কোনো প্রতিষ্ঠান খেলাপি হলেও বাংলাদেশ ব্যাংক মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে ইতিবাচক মতামত দিলে তাকে ঋণ দেওয়ার সুযোগ রয়েছে।
আরও পড়ুন
আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬
তিনি বলেন, এসব প্রতিষ্ঠানকে কঠোর নজরদারির মধ্যে রাখা হবে। ফলে নতুন করে অর্থ পাচার বা ঋণখেলাপি হওয়ার সুযোগ থাকবে না বলে তাঁরা মনে করেন।
আরিফ হোসেন খান আরও বলেন, বড় কিছু ব্যবসায়ী গ্রুপ ব্যাংক থেকে ঋণ নিয়ে এর একটি অংশ দেশে এবং অন্য অংশ বিদেশে পাচার করেছে। দেশে থাকা সম্পদ উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত কাজ করছে। তবে বিদেশে পাচার হওয়া সম্পদ ফেরত আনা তুলনামূলক কঠিন। কারণ, কিছু দেশে অবৈধ অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ বৈধ করা হয়েছে। ফলে সেসব দেশে থাকা সম্পদ উদ্ধারে আইনি জটিলতা রয়েছে।
দুই বছর ধরে কার্যক্রম চলার পরও পাচার হওয়া অর্থ উদ্ধারের পরিমাণ, শনাক্ত সম্পদের মূল্য, বিদেশে নেওয়া আইনি পদক্ষেপের সংখ্যা কিংবা অর্থ ফেরত আসার সম্ভাব্য সময়সীমা সম্পর্কে সংবাদ সম্মেলনে কোনো সুনির্দিষ্ট তথ্য দেওয়া হয়নি।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।