https://newsbdc.com/business/mwk9ncg1rf
জলবায়ু রক্ষায় দায়িত্বশীল এআই ব্যবহারে জোর কপ-৩১ সম্মেলনে
সোমবার (১৬ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় এসব উদ্যোগের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে রয়েছে ‘আনতালিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্লেজ’, ‘এআই-এনাবলড ক্লিনটেক ইনিশিয়েটিভ’ এবং ‘আনতালিয়া গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কমপ্যাক্ট’। এসব উদ্যোগের লক্ষ্য জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করা এবং কম কার্বন নিঃসরণকারী শিল্প উৎপাদনব্যবস্থার প্রসার ঘটানো।
সম্মেলনে জানানো হয়, বৈশ্বিক কার্বন নিঃসরণের প্রায় এক-চতুর্থাংশের জন্য দায়ী শিল্প খাত। তাই শিল্প উৎপাদনে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো ও বিদ্যুতায়ন নিশ্চিত করা জলবায়ু লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ। তবে প্রতিটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, শিল্প কাঠামো ও অগ্রাধিকার বিবেচনায় নিয়েই এসব উদ্যোগ বাস্তবায়ন করতে হবে।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ৪ ঘণ্টা আগে
এদিকে এআইয়ের দ্রুত বিস্তারের ফলে বিদ্যুৎ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ওপর চাপ বাড়ছে। বিশেষ করে ডেটা সেন্টার পরিচালনায় বিপুল পরিমাণ বিদ্যুতের প্রয়োজন হচ্ছে। তবে দায়িত্বশীলভাবে এআই ব্যবহার করা গেলে বিদ্যুৎ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির সমন্বয়, শিল্পের কার্বন নিঃসরণ কমানো এবং জলবায়ু ঝুঁকি বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
‘আনতালিয়া এআই প্লেজ’-এর মাধ্যমে সরকার, কোম্পানি ও বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল এআই ব্যবহারে সুনির্দিষ্ট অঙ্গীকার করার আহ্বান জানানো হয়েছে। এতে এআই অবকাঠামোয় পরিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবহার, পরিবেশগত প্রভাব মূল্যায়ন, সম্পদের দক্ষ ব্যবহার, ই-বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু মোকাবিলায় এআই প্রযুক্তির প্রয়োগকে গুরুত্ব দেওয়া হয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
বিশেষ করে উন্নয়নশীল দেশ, স্বল্পোন্নত দেশ ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য এআই প্রযুক্তি ব্যবহারে আর্থিক সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।
এ ছাড়া আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ), ইউএন-হ্যাবিট্যাট এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসির সহযোগিতায় নগর জলবায়ু কার্যক্রমে এআই, ডিজিটাল টুইনস ও ইন্টারনেট অব থিংস (আইওটি) ব্যবহারের আহ্বান জানানো হয়েছে। এর মাধ্যমে শহরগুলোকে আরও স্মার্ট, পরিবেশবান্ধব ও জলবায়ু সহনশীল করে তোলার পরিকল্পনা রয়েছে।
স্বল্পোন্নত দেশগুলোর শিল্পায়নে সহায়তা দিতে ‘লিস্ট ডেভেলপড কান্ট্রিজ গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ফ্যাসিলিটি’ বা এলডিসি-জিআইএফ চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। এর আওতায় প্রকল্প উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং অর্থায়নের সুযোগ তৈরিতে সহায়তা দেওয়া হবে। দেশগুলোর নিজস্ব অগ্রাধিকার ও চাহিদার ভিত্তিতে এ কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুন
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
কপ-৩১-এর প্রেসিডেন্ট মুরাত কুরুম বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় শিল্প ও প্রযুক্তিকে সমাধানের অংশ হতে হবে। প্রতিটি দেশের নিজস্ব বাস্তবতা ও কৌশলগত অগ্রাধিকার বিবেচনায় রেখে শিল্পের বিদ্যুতায়ন জরুরি। একই সঙ্গে এআইয়ের দ্রুত সম্প্রসারণ নিশ্চিত করতে হবে দায়িত্বশীল উপায়ে, যাতে এটি জলবায়ু কার্যক্রমে ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, প্রযুক্তির মাধ্যমে শিল্প, সেবা ও সামগ্রিক সমাজের দক্ষতা বাড়ানো সম্ভব। এআই ও পরিচ্ছন্ন প্রযুক্তি ব্যবহারের ফলে উৎপাদন ও কৃষিসহ বিভিন্ন খাতে প্রবৃদ্ধি অব্যাহত রেখেও জ্বালানি ও উপকরণের ব্যবহার বাড়ার প্রবণতা কমানো যেতে পারে।
আরও পড়ুন
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থার (ইউএনআইডিও) মহাপরিচালক গার্ড মুলার বলেন, কোনো দেশকেই উন্নয়ন ও জলবায়ু কার্যক্রমের মধ্যে একটিকে বেছে নিতে বাধ্য করা উচিত নয়। গ্রিন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন একদিকে কার্বন নিঃসরণ কমাবে, অন্যদিকে ভবিষ্যতের পরিচ্ছন্ন প্রযুক্তি শিল্প, দক্ষ জনশক্তি ও মানসম্মত কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখবে।
এদিকে কপ-৩১-এর প্রেসিডেন্ট অব নেগোসিয়েশন ক্রিস বোয়েন জলবায়ুবিষয়ক বৈজ্ঞানিক গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সর্বশেষ বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পারে। তবে সম্মিলিত উদ্যোগ ও জরুরি পদক্ষেপের মাধ্যমে তাপমাত্রাকে আবারও নিরাপদ পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণার অর্থায়ন অব্যাহত রাখা, বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো এবং অভিযোজন কার্যক্রমে বিজ্ঞানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের ওপরও গুরুত্ব দেন তিনি।
আরও পড়ুন
আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬
কপ-৩১ প্রেসিডেন্সির এসব উদ্যোগের মাধ্যমে ২০৩৫ সালের মধ্যে চূড়ান্ত জ্বালানি ব্যবহারে বিদ্যুতের অংশ ৩৫ শতাংশে উন্নীত করার ‘৩৫ বাই ৩৫’ লক্ষ্যমাত্রা অর্জনেও সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।
তুরস্কের আনতালিয়ায় গত ৯ নভেম্বর জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন শুরু হয়। আগামী ২০ নভেম্বর এ আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।