ছবি ভিডিও মতামত
সর্বশেষ
তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি, বাড়ছে যাত্রী মাশুল নতুন বেতনে আমরা সন্তুষ্ট, আর আন্দোলনে যেতে চাই না’ গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকরা, খুলেছে বন্ধ কারখানা ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি, হতাহত ১২১ হুথি যোদ্ধা শীতবস্ত্র বিতরণে ইসলামের ৮টি গুরুত্বপূর্ণ নির্দেশনা চেলসিকে হারিয়ে নটিংহ্যাম ফরেস্টের জয়, লিগে টানা তিন ম্যাচে পরাজিত ব্লুজরা আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের শীর্ষ পদে পরিবর্তন শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে পুরোনো অডিও প্রচার আওয়ামী লীগের পাকিস্তান ফুটবল ফেডারেশনের স্মারক জার্সি পেলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
আন্তর্জাতিক

তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি, বাড়ছে যাত্রী মাশুল

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০: ২৬
তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি, বাড়ছে যাত্রী মাশুল

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে ১৫ বছরের চুক্তি করতে যাচ্ছে সরকার। চুক্তির একটি শর্ত অনুযায়ী, আগামী ১৫ বছর শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে অন্য কোনো বেসামরিক বিমানবন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারবে না সরকার। তবে নতুন বিমানবন্দর নির্মাণ বা নির্মাণকাজ এবং সামরিক স্থাপনা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।


সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালন ও রক্ষণাবেক্ষণ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সব প্রস্তুতি ঠিক থাকলে আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে চারটি ফ্লাইট দিয়ে সীমিত পরিসরে তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হবে। ধাপে ধাপে ফ্লাইট বাড়িয়ে সর্বোচ্চ ১৪ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।


পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে পরিচালিত হবে টার্মিনালটি। সরকারের পক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং বেসরকারি অংশীদার হিসেবে দায়িত্ব পালন করবে জাপানি কনসোর্টিয়াম। এতে রয়েছে সুমিতোমো করপোরেশন, জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, নিপ্পন কোয়েই ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।


আরও পড়ুন

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি, হতাহত ১২১ হুথি যোদ্ধা ৩৪ মিনিট আগে ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৭২৬ হামলার দাবি, হতাহত ১২১ হুথি যোদ্ধা

চুক্তি অনুযায়ী, কনসেশন স্বত্ব বাবদ এককালীন ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা দেবে জাপানি অপারেটর। অথচ তৃতীয় টার্মিনাল নির্মাণে ব্যয় হয়েছে ২২ হাজার ২১৩ কোটি টাকার বেশি। এককালীন অর্থের পরিমাণ প্রকল্প ব্যয়ের প্রায় ০.৪৫ শতাংশ।


রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে প্রথম আট মাস সরকার কোনো আয় পাবে না। পরবর্তী ছয় মাসে রাজস্বের ১৩.৫ শতাংশ পাবে বাংলাদেশ। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে আন্তর্জাতিক যাত্রীপ্রতি ২.১০ ডলার এবং কার্গো আয় থেকে ২৭ শতাংশ পাবে সরকার। অন্যদিকে, বোর্ডিং ব্রিজ, দোকান, লাউঞ্জ, বহুতল গাড়ি পার্কিং ও বিজ্ঞাপন থেকে আয় করবে পরিচালনাকারী প্রতিষ্ঠান।


তৃতীয় টার্মিনাল ব্যবহারকারী আন্তর্জাতিক বহির্গামী যাত্রীদের এমবারকেশন ফি দিতে হবে ১২.৫০ ডলার বা প্রায় ১ হাজার ৫৬০ টাকা। বর্তমানে প্রথম ও দ্বিতীয় টার্মিনালে এ ফি ৫০০ টাকা। ফলে নতুন টার্মিনালে যাত্রীদের এ খাতে ব্যয় প্রায় তিন গুণ বাড়বে।


আরও পড়ুন

করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, নিখোঁজ অন্তত ১৩ ২০ ঘণ্টা আগে করাচিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, নিখোঁজ অন্তত ১৩

বেসরকারি এয়ারলাইনস নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান কালের কণ্ঠকে বলেন, বিমান চলাচল খাতে বিভিন্ন চার্জ এমনিতেই বেশি। এমবারকেশন ফি দুই থেকে তিন গুণ বাড়লে তা শেষ পর্যন্ত যাত্রীর ভ্রমণ ব্যয়ে যুক্ত হবে। চুক্তির শর্ত নিয়ে আলোচনায় দেশের পক্ষের দুর্বলতা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।


এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, এমবারকেশন ফি বা ভ্রমণ ব্যয় বাড়ায় এমন নিয়ন্ত্রক ফি নির্ধারণে আইকাওয়ের বিধি অনুযায়ী সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করা প্রয়োজন। এয়ারলাইনসের পাশাপাশি যাত্রীরাও অংশীজন। তবে ফি বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে বলে তাঁরা জানেন না। তাঁর মতে, ফি তিন গুণ বাড়লে বিশেষ করে প্রবাসী কর্মীদের ভ্রমণ ব্যয় বাড়বে।


তৃতীয় টার্মিনালে আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। বাকি অংশের জন্য দ্বিতীয় অপারেটর নিয়োগ দেবে জাপানি কনসোর্টিয়াম। এ জন্য তুরস্কের চেলেবি এভিয়েশন, যুক্তরাজ্যের মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট ও সংযুক্ত আরব আমিরাতের ডনাটাকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে।


আরও পড়ুন

ইরানের বিরুদ্ধে বিজয় ‘হাতের নাগালে’: ট্রাম্প ২৩ ঘণ্টা আগে ইরানের বিরুদ্ধে বিজয় ‘হাতের নাগালে’: ট্রাম্প

বর্তমানে শাহজালালে গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে বিমান বছরে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা আয় করে। ফলে নতুন টার্মিনালে এ ব্যবসার বড় অংশ অন্য অপারেটরের কাছে গেলে রাষ্ট্রীয় সংস্থাটির আয়ে প্রভাব পড়তে পারে। বিমান চলাচল বিশ্লেষক এ টি এম নজরুল ইসলাম মনে করেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের বড় অংশ অন্য অপারেটরের কাছে গেলে বিমান বড় ব্যবসা হারাবে। তবে বিমানের সেবার মানও উন্নত করতে হবে।


তৃতীয় টার্মিনাল নির্মাণে নেওয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধ শুরু হয়েছে চলতি বছরের জুনে। ২০২৫-২৬ অর্থবছরে বেবিচক ঋণ পরিশোধ করেছে ১ হাজার ১৫০ কোটি ৩৮ লাখ টাকা। একই অর্থবছরে সংস্থাটির মোট ব্যয় দাঁড়িয়েছে ৩ হাজার ২৪২ কোটি ৭৬ লাখ টাকা, যা আগের অর্থবছরের তুলনায় ২৬.৫ শতাংশ বেশি। বিপরীতে আয় বেড়েছে ২.৪ শতাংশ। গত অর্থবছরে বেবিচকের আয় ছিল ৩ হাজার ৯৯০ কোটি ৭৪ লাখ টাকা।


বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, বিদ্যমান টার্মিনাল ও অন্যান্য কার্যক্রমের আয় থেকে ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। ইতিমধ্যে প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরে আরও প্রায় ৯০০ কোটি টাকা পরিশোধের কথা রয়েছে।

আরও পড়ুন

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, দায় অস্বীকার ইরানের ২৩ ঘণ্টা আগে কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নিহত, দায় অস্বীকার ইরানের


সাবেক বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) এম মফিদুর রহমান বলেন, তৃতীয় টার্মিনাল চালু না হওয়ায় বেবিচক প্রত্যাশিত বাড়তি রাজস্ব পায়নি। এটি চালু হলে সংস্থাটির বার্ষিক আয় ৫ হাজার কোটি টাকা ছাড়াতে পারে বলে আগে ধারণা করা হয়েছিল।


আগামী ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালের সীমিত কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। এর মধ্যে দুটি ফ্লাইট ছেড়ে যাবে এবং দুটি অবতরণ করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট দিয়ে উদ্বোধনী কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। প্রাথমিক পরিকল্পনায় মালয়েশিয়া ও দুবাইগামী দুটি এবং থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে আসা দুটি ফ্লাইট রয়েছে।


বেবিচক সূত্র জানায়, নতুন টার্মিনাল চালু হলে শাহজালাল বিমানবন্দরের বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৮০ লাখ থেকে বেড়ে প্রায় দুই কোটিতে দাঁড়াবে। একই সঙ্গে বাড়বে কার্গো পরিচালনার সক্ষমতা। তবে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করাকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন

শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট ২৭ নভেম্বর ২০২৬ শক্তিশালী ঝড়ে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, বাতিল ৪৫১ ফ্লাইট


২০১৯ সালের ২৮ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ শুরু হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও এত দিন বাণিজ্যিক কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।


বিমান চলাচল বিশ্লেষক উইং কমান্ডার (অব.) নজরুল ইসলাম বলেন, দীর্ঘদিন ঝুলে থাকার পর টার্মিনাল চালুর উদ্যোগ ইতিবাচক। তবে এমবারকেশন ফি বৃদ্ধি ও পরিচালন চুক্তির শর্ত নিয়ে উদ্বেগ রয়েছে। টার্মিনালের পরিচালন ব্যয়ও এখনো পুরোপুরি পরিষ্কার নয়।


তাঁর মতে, বিদেশি এয়ারলাইনসের আগ্রহ বাড়লেও স্লট বরাদ্দ নির্ভর করবে বোর্ডিং ব্রিজ, পার্কিং স্পেস, গ্রাউন্ড হ্যান্ডলিংসহ সামগ্রিক সক্ষমতার ওপর। পাশাপাশি দেশীয় এয়ারলাইনসগুলোর বাজার হিস্যা ধরে রাখাও গুরুত্বপূর্ণ।

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন