https://newsbdc.com/sara-desh/mwzwkfvccl
নতুন বেতনে আমরা সন্তুষ্ট, আর আন্দোলনে যেতে চাই না’
বেতন বৃদ্ধির দাবিতে প্রায় এক মাস ধরে চলা শ্রমিক আন্দোলনের পর স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে গাজীপুরের শিল্পাঞ্চল। নতুন মজুরি কাঠামো মেনে নিয়ে কাজে যোগ দিয়েছেন পোশাক কারখানার শ্রমিকরা। খুলে দেওয়া হয়েছে বন্ধ থাকা কারখানাগুলোও। এতে শিল্পাঞ্চলে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে জেলার বিভিন্ন এলাকার পোশাক কারখানায় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা যায়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ি, সালনা, বাংলাবাজার, বাঘের বাজার ও শ্রীপুরের মাওনা এলাকায় শ্রমিকরা কাজে যোগ দেন।
আরও পড়ুন
নড়াইলে জমি নিয়ে বিরোধ, কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ ১৮ ঘণ্টা আগে
এর আগে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে গাজীপুরে শ্রমিক অসন্তোষ চলছিল। আন্দোলনের কারণে শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রতিদিন বিক্ষোভের জেরে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হতো। তবে মজুরি বোর্ড ঘোষিত নতুন বেতন কাঠামো মেনে নিয়ে শ্রমিকরা কাজে ফেরায় পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
শনিবার সকাল ৯টা পর্যন্ত জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন
বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী ১৮ ঘণ্টা আগে
পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, ‘নতুন মজুরিতে আমরা খুশি। আর কোনো আন্দোলন চাই না। সরকারকে ধন্যবাদ জানাই। এখন থেকে আনন্দের সঙ্গে কাজ করতে চাই।’
একই কারখানার শ্রমিক রাহিমা ও ইতি আক্তার জানান, আগের বেতনে সংসারের খরচ চালানো কঠিন ছিল। বাড়িভাড়া ও বাজার খরচ মেটাতে তাঁদের অনেক সমস্যায় পড়তে হতো। নতুন মজুরি তাঁদের জন্য কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।
আরও পড়ুন
ভারতে পাচারের আগেই ৪২ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার ২২ ঘণ্টা আগে
কালিয়াকৈরের মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিচ্ছেন। এতে কারখানাগুলোতে স্বস্তি ফিরেছে। কারখানার উৎপাদন ভালোভাবে চললে মালিক ও শ্রমিক উভয়েই লাভবান হবেন। পাশাপাশি দেশের পোশাকশিল্পও এগিয়ে যাবে।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিকরা এখন কাজে মনোযোগ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার রয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।