https://newsbdc.com/sara-desh/mwxruc0ukp
ফোন করলেই যাবে নৌ অ্যাম্বুলেন্স, সুবিধা পাবেন কুড়িগ্রামের চরবাসী
নদীঘেরা দুর্গম চরাঞ্চলে অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ভোগান্তি কমাতে কুড়িগ্রামে চালু হয়েছে নৌ অ্যাম্বুলেন্স। বিশেষ করে গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে নেওয়া হয়েছে এ উদ্যোগ। এখন থেকে মুঠোফোনে যোগাযোগ করলেই রোগী পরিবহনে পাওয়া যাবে বিশেষভাবে তৈরি এ নৌযান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে নৌ অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ।
আরও পড়ুন
গোপালগঞ্জে ব্যাংক ও এটিএম বুথে নিরাপত্তাঝুঁকি, টাকা তুলে ছিনতাইয়ের অভিযোগ ৮ ঘণ্টা আগে
নৌ অ্যাম্বুলেন্সটি বিশেষভাবে রোগী পরিবহনের উপযোগী করে তৈরি করা হয়েছে। এর ভেতরে রোগীর শোয়ার ব্যবস্থা, অক্সিজেন সুবিধা এবং রোগীর স্বজনদের বসার জায়গা রয়েছে। নৌযানটি রোগীকে নদীপথে হাসপাতালগামী সড়কের ঘাটে পৌঁছে দেবে। পরে সেখান থেকে সড়কপথে হাসপাতালে নেওয়া যাবে।
আরও পড়ুন
জামালগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ ২৫ নভেম্বর ২০২৬
ব্রহ্মপুত্র ও দুধকুমার নদবেষ্টিত যাত্রাপুর ইউনিয়নে রয়েছে ২০টির বেশি নদীবিচ্ছিন্ন চর। এসব এলাকায় কেউ অসুস্থ হলে হাসপাতালে পৌঁছানো বেশ কঠিন হয়ে পড়ে। বিশেষ করে জরুরি রোগী ও গর্ভবতী নারীদের পরিবহনে ভোগান্তি বেশি। অনেক সময় প্রয়োজনের মুহূর্তে নৌযান পাওয়া যায় না। স্থানীয়দের ভাষ্য, সময়মতো হাসপাতালে নিতে না পারায় রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে।
যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের বাসিন্দা এরশাদুল হক বলেন, চরে কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেওয়ার ব্যবস্থা ছিল না। ভাড়া করা নৌকায় রোগী পরিবহনে সময় ও অর্থ দুটিই বেশি লাগত। নৌ অ্যাম্বুলেন্স চালু হওয়ায় এখন শুধু জ্বালানি তেল ও চালকের খরচ দিয়ে রোগী হাসপাতালে নেওয়া যাবে। তবে সেবাটি যেন নিয়মিত চালু থাকে, সে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
আরও পড়ুন
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত, আহত ২ ২৪ নভেম্বর ২০২৬
মাঝিয়ালীর চরের বাসিন্দা মতিন আলী বলেন, যাত্রাপুর ঘাট থেকে তাঁদের চরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। নৌকায় আসতে প্রায় এক ঘণ্টা সময় লাগে। সাধারণ নৌকার তুলনায় নৌ অ্যাম্বুলেন্সটি দ্রুত চলতে পারবে। এতে গুরুতর অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নেওয়া সহজ হবে।
আরও পড়ুন
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার ২৪ নভেম্বর ২০২৬
সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহযোগিতার অংশ হিসেবে নৌ অ্যাম্বুলেন্সটি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর তত্ত্বাবধানে একটি কমিটির মাধ্যমে এটি পরিচালিত হবে। রোগীর স্বজনদের শুধু জ্বালানি তেলের খরচ ও চালকের মজুরি দিতে হবে। ভবিষ্যতেও যেন এ সেবা অব্যাহত থাকে, সে ব্যবস্থাও নেওয়া হবে।
উল্লেখ্য, কুড়িগ্রাম জেলায় ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ ১৬টি নদ-নদী রয়েছে। জেলায় সাড়ে চার শতাধিক চরাঞ্চল রয়েছে। এর মধ্যে যাত্রাপুর ইউনিয়নের ২০টির বেশি চর এবং আশপাশের চরগুলোর বাসিন্দারা এ নৌ অ্যাম্বুলেন্সের সুবিধা পাবেন।
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ নভেম্বর ২০২৬
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলের প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব মাওলানা দিনার মিনহাজ, জেলা নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসা, সদস্যসচিব মেরিনা পারভীন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর এবং জনপ্রতিনিধি ইঞ্জিনিয়ার সফিক মোল্লা উপস্থিত ছিলেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।