https://newsbdc.com/national/mwxsl4oivs
ফেরার পথ নয়, আইনি প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী
বিদেশে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরা নিয়ে তার বিভিন্ন বক্তব্য বা সম্ভাব্য ফেরার পথকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ এমপি। তিনি বলেছেন, দেশে ফিরতে হলে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এর বাইরে অন্য কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে উইমেন্স জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণের অর্থ লুটপাট ও মানুষ হত্যার অভিযোগের মুখে সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন। এখন তিনি কী বলছেন, কীভাবে দেশে ফিরতে চান কিংবা আদৌ ফিরবেন কি না—এসব বিষয় নিয়ে বাড়তি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। দেশে ফেরার ক্ষেত্রে বাংলাদেশের আইন ও বিচারিক প্রক্রিয়াই অনুসরণ করতে হবে।
আরও পড়ুন
প্রাণীদের কষ্ট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ ঘণ্টা আগে
তিনি আরও বলেন, সরকার আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি বিমানে আসবেন, নাকি অন্য কোনো পথে ফিরবেন, সেটি সরকারের বিবেচ্য বিষয় নয়। মূল বিষয় হলো, তাকে দেশের আইন মেনেই ফিরতে হবে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে ফেরার বিষয়ে এখন পর্যন্ত তার পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায়নি। বিভিন্ন বক্তব্য ও আলোচনার মধ্য দিয়েই বিষয়টি সামনে আনা হচ্ছে। আগে দেশে ফেরার বিষয়ে বাস্তব পদক্ষেপ নেওয়া হোক, এরপর পরিস্থিতি অনুযায়ী পরবর্তী বিষয় বিবেচনা করা যাবে।
আরও পড়ুন
ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ৮ ঘণ্টা আগে
তিনি বলেন, কখনো বিমানে ফেরার কথা বলা হচ্ছে, আবার কখনো সীমান্ত দিয়ে আসার বিষয়টি আলোচনায় আসছে। তার দলের গুরুত্বপূর্ণ নেতাদের বিভিন্ন সীমান্ত এলাকায় যাতায়াত নিয়েও আলোচনা হচ্ছে। তাই আগে তাদের নিজেদের অবস্থান ও সিদ্ধান্ত পরিষ্কার করা প্রয়োজন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভূমিকা নিয়ে তথ্যমন্ত্রী অভিযোগ করেন, নিষিদ্ধ সংগঠন হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ধরে রাখার চেষ্টা করছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের কার্যক্রম ঘিরে অস্থিরতা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দুর্বলতা কাটিয়ে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করছে সরকার। বিরোধী দলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও স্বাভাবিক রাজনৈতিক পরিবেশ বজায় রয়েছে।
আরও পড়ুন
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ৮ ঘণ্টা আগে
দেশের অর্থনীতি ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি জাতীয় নিরাপত্তা, জনগণের স্বার্থ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারের মনোযোগ দেওয়া জরুরি বলে উল্লেখ করেন তিনি। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও খাল খননসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, এসব কর্মসূচির সুফল দেশের বিভিন্ন অঞ্চলে দৃশ্যমান হচ্ছে। শুধু শহরকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন পরিস্থিতি মূল্যায়ন করা সম্ভব নয়।
রাজনৈতিক দলগুলোর কর্মসূচি পালনের অধিকার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডের নামে কোনো এলাকায় অস্থিরতা সৃষ্টি করা কিংবা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করা উচিত নয়। বিভিন্ন ইস্যু সামনে এনে সরকারের উন্নয়ন কার্যক্রম থেকে মানুষের মনোযোগ সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিভিন্ন ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহারের প্রবণতা রয়েছে বলে তিনি মনে করেন।
আরও পড়ুন
মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী ১১ ঘণ্টা আগে
তার ভাষ্য, গত দেড় বছর ধরে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মহল থেকে নানা বক্তব্য ও প্রচারণা দেখা যাচ্ছে। বিশেষ করে কোনো রাজনৈতিক সংঘাতের ঘটনায় হিন্দু বা অন্য কোনো সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য জড়িত থাকলে সেটিকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করা হয়।
তিনি আরও বলেন, ভারতের ক্ষমতাসীন বিজেপির অভ্যন্তরীণ রাজনীতিতে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতা রয়েছে। ফলে বাংলাদেশের কোনো বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিভ্রান্তিকর চিত্র তুলে ধরা হচ্ছে কি না, তা বিবেচনায় রাখা প্রয়োজন।
আরও পড়ুন
কাজলা টোল প্লাজায় ককটেল বিস্ফোরণের মামলায় ডরিনের তিন দিনের রিমান্ড ১১ ঘণ্টা আগে
এ প্রসঙ্গে বাংলাদেশের দুর্গাপূজার উদাহরণ দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রতিক দুর্গাপূজা দেশের ইতিহাসে অন্যতম বড় পরিসরে উদযাপিত হয়েছে। দেশের বিভিন্ন স্থানে হিন্দু-মুসলমানের মধ্যে সম্প্রীতি ও সহাবস্থান বজায় রয়েছে।
বগুড়ায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ভারতের গণমাধ্যমে কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সে বিষয়েও সাংবাদিকেরা তার দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা বিচ্ছিন্ন কোনো ঘটনাকে ভিন্ন প্রেক্ষাপটে তুলে ধরে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে ভুল ধারণা তৈরির সুযোগ দেওয়া উচিত নয়।
তথ্যমন্ত্রী বলেন, দেশের সামনে এখন আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। জনগণের উন্নয়ন, জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক অগ্রগতি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার মতো বিষয়গুলোতে সরকার ও গণমাধ্যম—উভয়েরই বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।