https://newsbdc.com/national/mwxkakn8vl
মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ায় শ্রমবাজার উন্মুক্তকরণের প্রথম ফ্লাইট উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ১১২ শ্রমিককে বিদায় জানান। সব আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৭টায় তাদের মালয়েশিয়ার উদ্দেশে ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।
আরও পড়ুন
কাজলা টোল প্লাজায় ককটেল বিস্ফোরণের মামলায় ডরিনের তিন দিনের রিমান্ড ২১ মিনিট আগে
নিয়োগে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ ছিল। দীর্ঘ আড়াই বছর পর এই ফ্লাইটের মধ্য দিয়ে আবারও দেশটিতে বাংলাদেশি কর্মী যাওয়া শুরু হলো।
সরকারি সংস্থা বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে পাঠানো এসব কর্মীর পাসপোর্ট, মেডিক্যাল পরীক্ষা, নিবন্ধন, প্রশিক্ষণ, বিমা ও অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করছে সরকার। অন্যদিকে ভিসা ফি ও বিমান টিকিটের পুরো ব্যয় দিচ্ছে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান।
আরও পড়ুন
বিনা খরচে মালয়েশিয়ায় যাওয়া ১১২ শ্রমিককে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ৩১ মিনিট আগে
নতুন কর্মস্থলে শ্রমিকেরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ রিঙ্গিত, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ হাজার টাকা। তিন বছরের নবায়নযোগ্য চুক্তিতে নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধাও দেওয়া হবে।
প্রথম ফ্লাইট উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আজ ১১২ জন শ্রমিককে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠাচ্ছে সরকার। পর্যায়ক্রমে ১০ হাজার মানুষকে বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো হবে বলেও জানান তিনি। বিদেশে দক্ষ মানবসম্পদ পাঠাতে সরকারের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
সংসদকে কার্যকর করতে যোগ্য ও দক্ষদের রাজনীতিতে আসতে হবে: ডেপুটি স্পিকার ৪০ মিনিট আগে
মালয়েশিয়ায় অবস্থানকালে দেশটির আইনকানুন ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার নির্দেশনা দেন শ্রমিকদের।
নতুন কর্মস্থলে যোগ দিয়ে পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে বিদেশযাত্রা করছেন শ্রমিকেরা। বিদায়ের আগে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কথা বলেন এবং মোবাইল ফোনে সেলফি তোলেন। এ সময় শ্রমিকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়; তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।