https://newsbdc.com/national/mwxim4nmrm
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাখাওয়াত মুনসহ তিনজন কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিব কে এম সাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত এ আদেশ দেন। অপর দুই আসামি হলেন মাদারীপুরের সাবেক জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের কাছে পাঠানো চিঠির জবাব মেলেনি: পানিসম্পদমন্ত্রী ৪ মিনিট আগে
এর আগে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসউদুর রহমান। আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে মামলার ঘটনায় আসামিদের জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন। আসামিদের বিরুদ্ধে রিমান্ডের আবেদনও পাঠানো হচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নারী ও পুরুষ সদস্য মিছিল বের করেন। এ সময় স্থানীয় লোকজন আসামিদের আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হেফাজতে নেয়।
আরও পড়ুন
‘প্রত্যর্পণ চুক্তিতেই দেশে ফিরতে হবে শেখ হাসিনাকে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ মিনিট আগে
অভিযোগ অনুযায়ী, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ব্যানার প্রদর্শন এবং সরকারের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগান দেওয়ার সময় আসামিরা আটক হন। এ সময় অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।