https://newsbdc.com/sports/mwxivl1dat
নাইট্রাস অক্সাইড সেবন করে বিপজ্জনক গাড়ি চালানোয় স্টার্লিংয়ের স্থগিত কারাদণ্ড
নাইট্রাস অক্সাইড সেবন করে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর দায়ে ইংল্যান্ডের সাবেক ফুটবলার রাহিম স্টার্লিংকে ১২ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে তাৎক্ষণিকভাবে কারাগারে যেতে হচ্ছে না তাকে। সাজা ১৮ মাসের জন্য স্থগিত করা হয়েছে। একই সঙ্গে আগামী দুই বছর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা এবং ১০০ ঘণ্টা অবৈতনিক সামাজিক কাজের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেসিংস্টোক ম্যাজিস্ট্রেট আদালতে নিজের অপরাধ স্বীকার করেন ৩১ বছর বয়সী স্টার্লিং। এরপর তার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়। বিচারক কির্স্টি অলম্যান তার কর্মকাণ্ডকে ‘সম্পূর্ণ স্বার্থপর আচরণ’ বলে আখ্যা দেন।
আরও পড়ুন
লাহোর কালান্দার্সের প্রধান কোচ হলেন শন টেইট ২ ঘণ্টা আগে
ঘটনাটি ঘটে গত ২৮ মে সকালে দক্ষিণ ইংল্যান্ডের এম২৫ ও এম৩ মোটরওয়েতে। ব্যস্ত সড়কে ল্যাম্বরগিনি চালানোর সময় নাইট্রাস অক্সাইড গ্রহণ করছিলেন স্টার্লিং। এ সময় তার গাড়ি একাধিকবার বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করে। একপর্যায়ে সড়কের মাঝের বিভাজকের সঙ্গে সংঘর্ষের আশঙ্কাও তৈরি হয়।
ঘটনার ড্যাশক্যাম ভিডিওতে গাড়িটির বিপজ্জনক গতিবিধি ধরা পড়ে। এক প্রত্যক্ষদর্শী পুলিশকে জানান, গাড়ি চালানোর সময় স্টার্লিং বড় একটি বেলুন থেকে গ্যাস গ্রহণ করছিলেন। বেলুনটি তার সামনের দৃশ্য দেখতেও বাধা দিচ্ছিল। প্রত্যক্ষদর্শীর ভাষায়, গাড়ি চালানোর ধরন ছিল ভয়াবহ।
আরও পড়ুন
বৈভবের বয়স নিয়ে প্রশ্ন পাকিস্তানের সাবেক পেসার তানভীরের ৫ ঘণ্টা আগে
মোটরওয়ে থেকে বের হওয়ার পর রাস্তার পাশের একটি সাইনবোর্ডে ধাক্কা লাগে স্টার্লিংয়ের ল্যাম্বরগিনির। এতে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। তবে অন্য কোনো যানবাহন দুর্ঘটনায় জড়ায়নি এবং কেউ আহতও হননি। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাকে গাড়ির যাত্রী আসনে বসে থাকতে দেখে। এ সময় তার কাছে নাইট্রাস অক্সাইডের দুটি ক্যানিস্টার পাওয়া যায়।
আরও পড়ুন
আইপিএল নিলামে ১২ বাংলাদেশি, নেই মুস্তাফিজ ও নাহিদ রানা ২৫ নভেম্বর ২০২৬
এর আগে গত সেপ্টেম্বরে বিপজ্জনকভাবে গাড়ি চালানো, নাইট্রাস অক্সাইড রাখার পাশাপাশি রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগও স্বীকার করেছিলেন স্টার্লিং। দুর্ঘটনার পর পুলিশের কাছে তিনি নাইট্রাস অক্সাইডে আসক্তির কথাও জানিয়েছিলেন।
আদালতে বিচারক অলম্যান বলেন, সড়কে অন্যদের নিরাপত্তার বিষয়টি জানা সত্ত্বেও স্টার্লিং এমন সিদ্ধান্ত নিয়েছেন, যা বহু মানুষের জীবনকে গুরুতর ঝুঁকিতে ফেলতে পারত। পর্যাপ্ত ঘুম ছাড়াই এবং নিষিদ্ধ মাদক গ্রহণের পর গাড়ি চালানোকে তিনি ইচ্ছাকৃত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ হিসেবে উল্লেখ করেন।
আরও পড়ুন
রিয়ালের জার্সি গায়েই অবসরের স্বপ্ন কোর্তোয়ার ২৪ নভেম্বর ২০২৬
স্টার্লিংয়ের আইনজীবী জেসন বার্টফেল্ড জানান, ক্যারিয়ারের কঠিন সময় পার করার সময় নাইট্রাস অক্সাইড গ্রহণের অভ্যাস গড়ে ওঠে তার। তবে নিজের ভুল বুঝতে পেরে এখন তিনি সেই অভ্যাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন।
শাস্তি নির্ধারণের সময় স্টার্লিংয়ের ব্যক্তিগত পরিস্থিতি, দাতব্য কর্মকাণ্ড এবং দুর্ঘটনার পর আসক্তি থেকে মুক্তির জন্য সহায়তা নেওয়ার বিষয়গুলো বিবেচনায় নেন বিচারক। তবে আগামী ১৮ মাসের মধ্যে নতুন কোনো অপরাধে জড়ালে স্থগিত কারাদণ্ড কার্যকর হতে পারে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।