https://newsbdc.com/national/mwxqi0c5xv
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন
সমাগশ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা ঠেকাতে দেশের নয়টি জেলায় ৫৯ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শিল্পকারখানার নিরাপত্তা নিশ্চিত করা, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। মোতায়েন করা সদস্যদের মধ্যে গাজীপুরে রয়েছেন সর্বোচ্চ ১৯ প্লাটুন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন
প্রাণীদের কষ্ট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৭ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুরসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আনসার সদস্যরা সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন। বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদের পরিকল্পনা ও দিকনির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার গাজীপুরের নাওজোর পয়েন্টে সড়কে ব্লক ফেলে যান চলাচলে বাধা সৃষ্টি করা হলে আনসার ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তা অপসারণ করেন। একই এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলে বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
আরও পড়ুন
ফেরার পথ নয়, আইনি প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ৭ ঘণ্টা আগে
এ ছাড়া চান্দনা চৌরাস্তা, মৌচাক, আমবাগকাটা, তেলিরচালা, সফিপুর, সালনা, মাওনা, কোনাবাড়ী ও কাশিমপুরসহ শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। আনসার সদস্যদের তৎপরতায় শিল্পাঞ্চলের অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন
ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ৮ ঘণ্টা আগে
শিল্পকারখানার নিরাপত্তা ও উৎপাদন কার্যক্রম সচল রাখতে পুলিশ, বিজিবি, শিল্প পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ স্ট্রাইকিং টিম ও অতিরিক্ত সদস্য প্রস্তুত রাখা হয়েছে। মোতায়েন করা সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ব্যবস্থাও রাখা হয়েছে।
আনসার বাহিনীর তথ্য অনুযায়ী, বর্তমানে গাজীপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর, শরীয়তপুর, সাতক্ষীরা ও ময়মনসিংহে মোট ৫৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।
আরও পড়ুন
মালয়েশিয়াগামী শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি, বিনা খরচে পাঠানো হবে ১০ হাজার কর্মী ১১ ঘণ্টা আগে
জেলাভিত্তিক মোতায়েনের সংখ্যা হলো—গাজীপুরে ১৯ প্লাটুন, গোপালগঞ্জে ১৫, ফরিদপুরে পাঁচ, নারায়ণগঞ্জে চার, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে চারটি করে এবং সাতক্ষীরা ও ময়মনসিংহে দুটি করে প্লাটুন।
শিল্পাঞ্চল, প্রশাসনিক ভবন, গুরুত্বপূর্ণ স্থাপনা, সড়ক ও জনমস্থলে নিরাপত্তা ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।