https://newsbdc.com/sara-desh/mwxqqyrxlc
গোপালগঞ্জে ব্যাংক ও এটিএম বুথে নিরাপত্তাঝুঁকি, টাকা তুলে ছিনতাইয়ের অভিযোগ
গোপালগঞ্জে চলমান সহিংসতা ও সংঘর্ষের প্রভাব পড়েছে ব্যাংকিং ও আর্থিক সেবা খাতে। জেলার সরকারি-বেসরকারি ১০৫টি ব্যাংক শাখার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন স্থানে এটিএম বুথে হামলা ও ভাঙচুরের পাশাপাশি টাকা উত্তোলন করে বের হওয়ার পর গ্রাহকদের কাছ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, নিরাপত্তাঝুঁকির কারণে মোবাইল আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠানের এজেন্ট পয়েন্টগুলোতে কর্মীদের যাতায়াত কমে গেছে। এতে বিকাশ, নগদ ও রকেটের মতো সেবার লেনদেন ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় এজেন্ট পয়েন্টে পর্যাপ্ত নগদ অর্থ না থাকায় গ্রাহকদের ভোগান্তি বাড়ছে। কোথাও কোথাও নগদ টাকার সংকটও দেখা দিয়েছে।
আরও পড়ুন
ফোন করলেই যাবে নৌ অ্যাম্বুলেন্স, সুবিধা পাবেন কুড়িগ্রামের চরবাসী ৭ ঘণ্টা আগে
খোঁজ নিয়ে জানা গেছে, গত ১০ নভেম্বর সকাল থেকে গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থান নেন। এ সময় বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা, কাভার্ডভ্যান ভাঙচুর এবং সড়ক অবরোধের ঘটনা ঘটে।
সহিংসতার সময় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়। এ ছাড়া শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে বলে সংশ্লিষ্ট মামলায় উল্লেখ করা হয়েছে।
এ সময় জেলার বিভিন্ন থানায় হামলা ও অগ্নিসংযোগ, সরকারি স্থাপনায় আগুন এবং পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়, ব্যক্তিগত কার্যালয় ও কয়েকটি দোকানে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। বিএনপির দুই সংসদ সদস্যের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আরও পড়ুন
জামালগঞ্জে সুরমা নদীতে নৌকাডুবি, দুই শ্রমিক নিখোঁজ ২৫ নভেম্বর ২০২৬
এসব ঘটনার প্রভাব পড়েছে জেলার আর্থিক লেনদেন ব্যবস্থায়। নিরাপত্তার অভাবে এমএফএস এজেন্ট পয়েন্টের কর্মীরা নিয়মিত যাতায়াত করতে পারছেন না। ফলে টাকা পাঠানো ও উত্তোলনে সমস্যায় পড়ছেন সাধারণ গ্রাহকরা। এজেন্ট পয়েন্টে নগদ অর্থের সরবরাহ কমে যাওয়ায় অনেকেই ব্যাংকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় শাখার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে। বিশেষ করে এটিএম বুথে টাকা সরবরাহকারী গাড়ির কর্মীরা নিরাপত্তাঝুঁকিতে রয়েছেন। সরকারি বিভিন্ন সেবাদাতা প্রতিষ্ঠানের কর্মীরাও একই ধরনের উদ্বেগের কথা জানিয়েছেন।
এদিকে ১ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে গ্রামীণ ব্যাংকের ২৩টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে গোপালগঞ্জের পাঁচ উপজেলায় আটটি শাখা আক্রান্ত হয়েছে। তবে সরকারি-বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের কোনো শাখা বা উপশাখায় সরাসরি হামলার তথ্য পাওয়া যায়নি। মুকসুদপুরে গ্রামীণ ব্যাংক ও ইসলামী ব্যাংকের শাখা একই ভবনে থাকায় সাময়িকভাবে ইসলামী ব্যাংকের কার্যক্রম ব্যাহত হয়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গোপালগঞ্জে সরকারি-বেসরকারি ব্যাংকের মোট ১০৫টি শাখা রয়েছে। এর মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের ২৩টি, অগ্রণী ব্যাংকের ১৩টি, সোনালী ব্যাংকের ১২টি, জনতা ও রূপালী ব্যাংকের ছয়টি করে এবং স্ট্যান্ডার্ড ব্যাংকের পাঁচটি শাখা রয়েছে। এ ছাড়া বেসিক ব্যাংকের চারটি, ব্যাংক এশিয়ার তিনটি এবং ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, মধুমতি ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের দুটি করে শাখা রয়েছে। অন্যান্য বাণিজ্যিক ব্যাংকেরও শাখা রয়েছে জেলায়।
আরও পড়ুন
কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নি/হত, আহত ২ ২৪ নভেম্বর ২০২৬
বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিম জানান, এমএফএস বিধিমালা অনুযায়ী কিছু হিসাব সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে প্রয়োজনীয় তদন্ত শেষে এসব হিসাব চালু রাখা বা বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে নগদের মুখপাত্র সজল জাহিদ বলেন, কোনো নির্দিষ্ট জেলার গ্রাহকদের হিসাব বন্ধ করা হচ্ছে—এমন তথ্য তাদের কাছে নেই। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন হিসাবের বিষয়ে নিয়মিত ব্যবস্থা নেওয়া হয়। শুধু গোপালগঞ্জের বাসিন্দা হওয়ার কারণে কোনো গ্রাহকের হিসাব বন্ধ করা হয়েছে, এমন তথ্যও তাদের কাছে নেই।
ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল আর্থিক সেবা রকেটের মুখপাত্র মো. নজরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আরও পড়ুন
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কুড়িগ্রামে আ.লীগ নেতা গ্রেপ্তার ২৪ নভেম্বর ২০২৬
এদিকে আগামী ২৯ ও ৩০ নভেম্বর গোপালগঞ্জে সর্বাত্মক লকডাউনের ঘোষণাকে কেন্দ্র করে ব্যাংক সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ কর্মসূচির ঘোষণা দিয়েছেন। এতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
তবে ব্যাংকগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে, শাখা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
কৃষি ব্যাংকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) তারেক বলেন, ওয়াচ অ্যান্ড ওয়ার্ক পদ্ধতিতে কর্মীরা দায়িত্ব পালন করছেন। ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত রয়েছে।
আরও পড়ুন
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে এলো ইউরেনিয়ামের অষ্টম চালান ২৪ নভেম্বর ২০২৬
রূপালী ব্যাংকের প্রধান নিরাপত্তা কর্মকর্তা মেজর (অব.) আলমগীর হোসেন জানান, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের বিভাগীয় ও জোনাল কার্যালয়গুলোকে শাখার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। ব্যাংকের কর্মী ও সম্পদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য কেন্দ্রীয় কার্যালয়ে ২৪ ঘণ্টার নিয়ন্ত্রণকক্ষ চালু রয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হোসাইন বলেন, গোপালগঞ্জে চলমান অস্থিরতার মধ্যেও তাদের শাখা, কর্মকর্তা-কর্মচারী ও সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ নেই। প্রতিটি শাখায় নিজস্ব নিরাপত্তাকর্মী ও প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় পর্যায় থেকে শাখাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গোপালগঞ্জের কয়েকটি স্থানে এটিএম বুথে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাশাপাশি বুথ থেকে টাকা তুলে বের হওয়ার পর গ্রাহকদের কাছ থেকে তা ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে। এসব কারণে এমএফএস প্রতিষ্ঠানের কর্মীরা এজেন্ট পয়েন্টে যেতে ভয় পাচ্ছেন। ফলে জেলার বিভিন্ন এলাকায় নগদ অর্থের সংকট তৈরি হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।