https://newsbdc.com/national/mwxt62nnbw
প্রাণীদের কষ্ট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রাণীদের প্রতি অমানবিক আচরণ ও নির্যাতন বন্ধ করে তাদের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কোনো প্রাণীর যত্ন নেওয়া সম্ভব না হলেও অন্তত তাদের কষ্ট দেওয়া বা ক্ষতি করা থেকে বিরত থাকতে হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে বক্তব্যের আগে সপ্তাহটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন
ফেরার পথ নয়, আইনি প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ৭ ঘণ্টা আগে
তারেক রহমান বলেন, আশপাশে প্রায়ই দেখা যায়, কিছু মানুষ অকারণে বিভিন্ন প্রাণীকে নির্যাতন করে এবং কষ্ট দেয়। এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল্লাহ তায়ালা মানুষের কল্যাণ ও প্রয়োজনে প্রাণীদের সৃষ্টি করেছেন। তাই তাদের প্রতি সবার দায়িত্বশীল ও মানবিক আচরণ করা উচিত।
তিনি বলেন, প্রাণীদের উপকার করতে না পারলেও তাদের ক্ষতি করা কিংবা কষ্ট দেওয়া থেকে বিরত থাকা প্রয়োজন। পাশাপাশি সামর্থ্য অনুযায়ী আশপাশের জীবজন্তুর যত্ন নেওয়া এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন
ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ৮ ঘণ্টা আগে
প্রাণীদের প্রতি মমত্ববোধ গড়ে তুলতে শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিবারের শিশুদের জীবজন্তুর প্রতি ভালোবাসা, সহানুভূতি ও দায়িত্বশীলতার শিক্ষা দিতে হবে। তাদের বোঝাতে হবে, মানুষের পাশাপাশি প্রতিটি প্রাণীরও বেঁচে থাকার অধিকার রয়েছে।
আরও পড়ুন
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৯ প্লাটুন আনসার মোতায়েন ৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণীদের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধ ছড়িয়ে দিতে পারলে মানুষ, জীবজন্তু ও প্রকৃতির মধ্যে সুন্দর সহাবস্থান গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আশা প্রকাশ করেন, শিশু-কিশোরদের মধ্যে প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল মনোভাব তৈরি হলে এমন একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে শুধু মানুষ নয়, প্রকৃতির প্রতিটি জীবও নিরাপদে বসবাসের সুযোগ পাবে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।