https://newsbdc.com/law-court/mw6bqpdpiu
তাহসিফ হ/ত্যা মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দীপ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরি হত্যা মামলায় তিন দিনের পুলিশ রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপ। ঘটনার দিন তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাফেরা, মোটরসাইকেলের গ্যারেজে যাওয়া এবং রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার বিষয়ে তথ্য দিয়েছেন তিনি। তবে হত্যাকাণ্ডের বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ নভেম্বর) তিন দিনের রিমান্ড শেষে দীপকে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ। বিকেলে ঢাকা মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ বিষয়ে শুনানি হয়। মহানগর ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি গ্রহণ করেন।
আরও পড়ুন
মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী ১৯ নভেম্বর ২০২৬
পুলিশের আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে তার বাসা থেকে ডেকে নিয়ে যান দীপ। পরে তারা একসঙ্গে একটি মোটরসাইকেলের গ্যারেজে গিয়ে সেটির কাজ করান। এরপর জেরিকা তাসনিম দিশাকে সঙ্গে নিয়ে রাজধানীর সিপি ফাইভ স্টারে একাধিকবার নাশতা করেন। ওই দিন রাতে তাঁরা উত্তরা নেস্ট বার অ্যান্ড রেস্তোরাঁয় যান। সেখানে তিনজনই বিয়ার পান ও ধূমপান করেন। একপর্যায়ে জেরিকা বাসায় চলে যান।
আবেদনে আরও বলা হয়, ২৮ অক্টোবর রাত ১২টা ৪০ মিনিটের দিকে তাহসিফ ও দীপ টঙ্গীর মাজার বস্তিতে পৌঁছান। সেখান থেকে হেঁটে তুরাগ নদীর তীরবর্তী একটি মাঠে যান তারা। পরে কয়েকজনকে দেখে দুজন আলাদা হয়ে যান বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন দীপ।
আরও পড়ুন
জুলাই হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে ১৯ নভেম্বর ২০২৬
পুলিশের ভাষ্য, সিসিটিভি ফুটেজ, মুঠোফোনের কললিস্ট পর্যালোচনা এবং এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে তাহসিফকে সর্বশেষ দীপ ও জেরিকার সঙ্গে দেখা গেছে। তাদের সঙ্গে তাহসিফের ঘোরাফেরা এবং বিভিন্ন রেস্তোরাঁয় যাওয়ার তথ্যও পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুই আসামির কোনো না কোনোভাবে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, নতুন করে ইস্যুর এখতিয়ার নেই: চিফ প্রসিকিউটর ১০ নভেম্বর ২০২৬
রিমান্ডে দীপ মামলার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য প্রকাশ না করে যাচাই-বাছাই করা হচ্ছে। একই সঙ্গে মামলার ঘটনা সম্পর্কে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তিনি কৌশলে এড়িয়ে গেছেন এবং নীরবতা পালন করেছেন বলে পুলিশের আবেদনে উল্লেখ করা হয়।
মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং প্রকৃত জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে দীপকে কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ। প্রয়োজনে তাকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
মানিকগঞ্জে তিনজনকে হত্যার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন ৫ নভেম্বর ২০২৬
আইন-আদালত থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।