https://newsbdc.com/law-court/mwnfifwz8f
মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী
আদালতে মামলার চাপ কমানো এবং বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়ার সুযোগ সহজ করতে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
তিনি বলেন, ন্যায়বিচারে প্রবেশাধিকার কোনো বিশেষ শ্রেণির মানুষের বিশেষাধিকার নয়; বরং এটি প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এ অধিকার নিশ্চিত করতে সরকার বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থাকে (এডিআর) অগ্রাধিকার দিয়েছে। বিশেষ করে লিগ্যাল এইড সার্ভিসেস অ্যাক্টের আওতায় প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে বিরোধ দ্রুত, শান্তিপূর্ণ ও সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
জুলাই হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) যৌথ আয়োজনে ‘নতুন প্রাক-মামলা মধ্যস্থতা ব্যবস্থা: দেশব্যাপী সম্প্রসারণের জন্য একটি রোডম্যাপ প্রণয়ন’ শীর্ষক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রচলিত মামলা-মোকদ্দমা সাধারণ পরিবারগুলোর ওপর, বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের ওপর ব্যাপক আর্থিক ও মানসিক চাপ সৃষ্টি করেছে। এ পরিস্থিতি পরিবর্তনে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রাক-মামলা মধ্যস্থতার মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হচ্ছে।
আরও পড়ুন
শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, নতুন করে ইস্যুর এখতিয়ার নেই: চিফ প্রসিকিউটর ১০ নভেম্বর ২০২৬
প্রকল্পের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যোগ্য মধ্যস্থতাকারী ও আস্থাশীল প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম নিশ্চিত করা গেলে হাজার হাজার নাগরিক মামলা-মোকদ্দমার পরিবর্তে সংলাপ ও সমঝোতার পথ বেছে নেন। পারিবারিক ও দেওয়ানি বিরোধের একটি উল্লেখযোগ্য অংশ প্রাক-মামলা পর্যায়েই নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে। এতে নতুন মামলা দায়েরের হার কমার পাশাপাশি আনুষ্ঠানিক বিচারব্যবস্থার ওপর চাপ কমাতেও সহায়তা মিলছে।
আইনমন্ত্রী বলেন, পরীক্ষামূলক প্রকল্পের সাফল্যকে এখন স্থায়ী জাতীয় ব্যবস্থায় রূপান্তর করতে হবে। এ লক্ষ্যে দেশের ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রম সম্প্রসারণে প্রয়োজনীয় নীতিগত, প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সমাজে সৌহার্দ্যপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতি প্রতিষ্ঠা করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
আরও পড়ুন
তাহসিফ হ/ত্যা মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দীপ ৭ নভেম্বর ২০২৬
এ সময় জাপান সরকার ও দেশটির জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আইনমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের আইন খাতে জাপানের কারিগরি সহযোগিতা ও অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির উপস্থিতি দুই দেশের গভীর ও দীর্ঘস্থায়ী বন্ধুত্বের প্রতিফলন। জাইকাকেও আস্থাশীল অংশীদারত্ব ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান তিনি।
বাণিজ্যিক আদালত আইন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, জাপানি প্রতিষ্ঠান টয়োটাসহ বিদেশি বিনিয়োগকারীদের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতে বাণিজ্যিক আদালত আইনের খসড়া পুনর্গঠন করা হচ্ছে। বিদেশি বিনিয়োগকারীরা যেন বাংলাদেশের বিচারিক বা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে অযথা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। তাঁদের বিরুদ্ধে আদালত বা আইনি প্রক্রিয়ার কোনো অপব্যবহারও অনুমোদন করা উচিত নয় বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন
মানিকগঞ্জে তিনজনকে হত্যার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন ৫ নভেম্বর ২০২৬
অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি, আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, বাংলাদেশ লিগ্যাল এইডের মহাপরিচালক মো. মনজুরুল হোসেন এবং বাংলাদেশে জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো।
এ ছাড়া প্রকল্পের প্রধান উপদেষ্টা ফুজিওকা তাকুরো প্রকল্পের গুরুত্বপূর্ণ অর্জন এবং প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের ভবিষ্যৎ দিকনির্দেশনা তুলে ধরেন।
আরও পড়ুন
শিশু সহিংসতার মামলায় কঠোর ট্রাইব্যুনাল, ৯ মাসে ২ মৃত্যুদণ্ড ও ৪ যাবজ্জীবন ৩ নভেম্বর ২০২৬
সম্মেলনে প্রাক-মামলা মধ্যস্থতা কার্যক্রমের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাইকার মধ্যে অ্যাকসেস টু জাস্টিস প্রকল্পের দ্বিতীয় পর্যায় বাস্তবায়ন-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
সম্মেলনে আইন ও বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা জজ ও সমপর্যায়ের কর্মকর্তা, লিগ্যাল এইড অফিসার, আইনজীবী, জাইকার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আইন-আদালত থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।