https://newsbdc.com/law-court/mwncsz6iw2
জুলাই হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে
রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় জুলাই আন্দোলনকে কেন্দ্র করে মাদরাসাশিক্ষার্থী সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ৩টার দিকে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
মামলার চাপ কমাতে ৬৪ জেলায় প্রাক-মামলা মধ্যস্থতা সম্প্রসারণ করা হবে: আইনমন্ত্রী ১৯ নভেম্বর ২০২৬
এদিন মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মাহমুদুল হাসান মোড়ল নুরুল ইসলাম নাহিদকে কারাগারে আটক রাখার আবেদন করেন। এ সময় তার পক্ষে কোনো জামিন আবেদন করা হয়নি।
আবেদনে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম নাহিদ মামলার ঘটনা ও পলাতক অন্য আসামিদের বিষয়ে তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আন্দোলন প্রতিহত করতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে আর্থিক সহায়তা এবং সক্রিয় অংশগ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে বলে আবেদনে উল্লেখ করা হয়। মামলাটির তদন্ত চলমান রয়েছে।
আরও পড়ুন
শেখ হাসিনার পাসপোর্ট বাতিল, নতুন করে ইস্যুর এখতিয়ার নেই: চিফ প্রসিকিউটর ১০ নভেম্বর ২০২৬
তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে জানানো হয়। প্রয়োজনে পরবর্তী সময়ে তার বিরুদ্ধে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন
তাহসিফ হ/ত্যা মামলায় রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দীপ ৭ নভেম্বর ২০২৬
গত ১৯ নভেম্বর রাত ২টা ১০ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে এ অভিযান চালানো হয়। পরে উত্তরা পশ্চিম থানার এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে উত্তরা ৯ নম্বর সেক্টরে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে কোটা সংস্কার আন্দোলন চলছিল। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান এবং গুলি করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন
মানিকগঞ্জে তিনজনকে হত্যার মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন ৫ নভেম্বর ২০২৬
এ ঘটনায় জামিয়াছিন ইসলামীয়া মাদরাসার শিক্ষার্থী সাদিকুল ইসলাম পেটে গুলিবিদ্ধ হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
এ ছাড়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার থানায় দায়ের করা হত্যা, হত্যাচেষ্টা ও সহিংসতার ১৪টি মামলায় নুরুল ইসলাম নাহিদের নাম রয়েছে বলে সিডিএমএস পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে।
আইন-আদালত থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।