https://newsbdc.com/politics/mw5xhw6320
৭ নভেম্বরের প্রকৃত স্বাধীনতা ফিরে পায় জাতি: রিজভী
৭ নভেম্বরের বিপ্লবের মধ্য দিয়ে দেশের মানুষ প্রকৃত স্বাধীনতা ও সার্বভৌমত্ব শক্তিশালী করার অঙ্গীকার খুঁজে পেয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তির মধ্য দিয়ে গোটা জাতি নতুন করে পথের দিশা পেয়েছিল।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ১ ঘণ্টা আগে
শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ৭ নভেম্বরের চেতনা হলো মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার চেতনা। এ চেতনায় উদ্বুদ্ধ হয়েই দেশের মানুষ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করেছে।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘৭ নভেম্বরের বিপ্লবে দেশ প্রকৃত স্বাধীনতা-সার্বভৌমত্বের অঙ্গীকার খুঁজে পায়। ৭ নভেম্বরের চেতনা মুক্তির চেতনা, গণতন্ত্রের চেতনা, স্বাধীনতা রক্ষার চেতনা, সার্বভৌমত্ব শক্তিশালী করার চেতনা। এই চেতনায় জাতি বারবার ঘুরে দাঁড়িয়েছে।
‘জুলাই গণঅভ্যুত্থানের পেছনে ছিল ৭ নভেম্বরের চেতনা। ৭ নভেম্বরের তিন অঙ্গীকার—স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রের অব্যাহত ধারা। এই প্রত্যয় নিয়ে আবার জুলাইয়ে এ দেশের মানুষ বিপ্লবে নেমে আসে এবং গণতন্ত্রবিরোধী অপশক্তিকে পরাজিত করে।’
রিজভী বলেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি মাত্র দুই-তিন মিনিটের মধ্যে গোটা জাতিকে চিরতরে শৃঙ্খলিত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। বাকশাল প্রতিষ্ঠা ও আইন প্রণয়নের মাধ্যমে জনগণের কাছ থেকে নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়। এরপর নিজেদের মধ্যে পাল্টাপাল্টি সংঘাত ও রক্তপাতের ঘটনায় দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। পুরো দেশ তখন অনিশ্চয়তা ও অন্ধকারে ঢেকে যায়।
আরও পড়ুন
নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬
রিজভী আরও বলেন, ২৩ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার পরিবারকে ক্যান্টনমেন্টের বাসায় বন্দি করে রাখা হয়। এতে স্বাধীনভাবে বিকশিত হওয়ার স্বপ্ন ও আকাঙ্ক্ষা হতাশায় পরিণত হয়। দেশের মানুষ চরম অরাজকতা ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। চারদিকে তৈরি হয় আতঙ্ক।
পার্শ্ববর্তী দেশ থেকে পাওয়া নির্দেশনায় ঘাতকরা দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার প্রচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।
আরও পড়ুন
শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী ১৯ নভেম্বর ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কোথাও কোথাও গলির ভেতর থেকে ককটেল-বোমা ফোটাচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে নির্দেশ আসছে—এখানে বসে থেকে টাকা-পয়সা দিয়ে ঘাতকরা এ দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। জনগণ উপযুক্তভাবেই তাদের প্রতিহত করবে। সরকার এ ব্যাপারে প্রস্তুত।’
এ সময় ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সকল অগণতান্ত্রিক ও দেশবিরোধী শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।