https://newsbdc.com/politics/mw96reye8b
কাজ ও যোগ্যতার মাধ্যমেই রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হয়: আইনমন্ত্রী
রাজনীতিতে নেতৃত্বের জায়গা তৈরি করতে হলে কাজ, যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক অবদানের মাধ্যমে নিজেদের প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
রোববার (৮ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধা মশিউর রহমান ফাউন্ডেশন আয়োজিত সাবেক হুইপ ও বিএনপির প্রবীণ নেতা প্রয়াত মশিউর রহমানের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ১ ঘণ্টা আগে
আইনমন্ত্রী বলেন, দলের জন্য কে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারবেন, নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে সেটিই হওয়া উচিত প্রধান বিবেচ্য বিষয়। নেতৃত্ব কারও কাছে চিরস্থায়ীভাবে বন্দি থাকে না। যোগ্যতা, দক্ষতা ও সাংগঠনিক অবদানের মাধ্যমে প্রত্যেকেরই নেতৃত্বে আসার সুযোগ রয়েছে।
মশিউর রহমানের রাজনৈতিক অবদান স্মরণ করে মো. আসাদুজ্জামান বলেন, তাঁর মতো নিবেদিতপ্রাণ ও অভিজ্ঞ রাজনৈতিক নেতৃত্বের অভাব এখনো অনুভূত হচ্ছে। ঝিনাইদহে তিনি যে রাজনৈতিক ভিত্তি তৈরি করেছিলেন, তার প্রভাব খুলনা বিভাগসহ জাতীয় পর্যায়েও বিস্তৃত ছিল। উন্নয়ন, মৌলবাদ মোকাবিলা ও মাদকবিরোধী আন্দোলনেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
মন্ত্রী বলেন, ঝিনাইদহের রাজনীতিতে মশিউর রহমানের নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর অনুপস্থিতিতে গত নির্বাচনে জেলার চারটি আসনের মধ্যে তিনটি পুনরুদ্ধার করতে না পারা বেদনাদায়ক। তিনি বেঁচে থাকলে জেলার রাজনৈতিক পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, মশিউর রহমানের সঙ্গে বিভিন্ন বিষয়ে তাঁর মতপার্থক্য ছিল। আবার অনেক বিষয়ে একমত হয়েছেন এবং তাঁর কাছ থেকে পরামর্শ ও দিকনির্দেশনাও নিয়েছেন। রাজনীতিতে মতপার্থক্য থাকলেও অভিজ্ঞ নেতৃত্বের কাছ থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন।
বিএনপির সাংগঠনিক ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ঝিনাইদহের তিনটি আসন পুনরুদ্ধার করতে না পারার দায় কোনো একক ব্যক্তির ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না। এটি সম্মিলিত সিদ্ধান্তহীনতা ও ভুল সিদ্ধান্তের ফল। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নেতাকর্মীদের রাজপথে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুন
নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও নেতৃত্বের ভিত্তিতেই দলের আদর্শ ও কর্মপরিকল্পনা এগিয়ে নিতে হবে। মশিউর রহমান ছিলেন বিএনপির আদর্শ বাস্তবায়নের অন্যতম ভ্যানগার্ড। তাঁকে যথাযথভাবে শ্রদ্ধা জানাতে হলে তাঁর রাজনৈতিক গুণাবলি, দলকে ঐক্যবদ্ধ রাখার প্রচেষ্টা ও সাংগঠনিক চেতনা ধারণ করতে হবে।
আগামী দিনের নেতৃত্ব প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বিএনপির বর্তমান মহাসচিব রুহুল কবির রিজভী ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, তাঁরা ব্যক্তিগতভাবে নির্বাচনে অংশগ্রহণের চেয়ে দলকে এগিয়ে নেওয়ার কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন। তাঁদের রাজনৈতিক ভূমিকা নতুন প্রজন্মের জন্য অনুসরণীয়।
আরও পড়ুন
শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী ১৯ নভেম্বর ২০২৬
আইনমন্ত্রী বলেন, অনেক সময় রক্তের সম্পর্কের চেয়েও রাজনৈতিক আদর্শের সম্পর্ক গভীর ও শক্তিশালী হয়। দলের আদর্শ, সহযোদ্ধাদের প্রতি দায়িত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই শক্তিশালী রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে। যারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে চান, তাঁদের মশিউর রহমানের মতো নেতৃত্বের গুণাবলি অর্জনের পাশাপাশি দলের ঐক্য, আদর্শ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
ঝিনাইদহের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, ঝিনাইদহ সদর হয়ে মাগুরা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেললাইন নির্মাণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঝিনাইদহের সঙ্গে ঢাকার যোগাযোগ আরও সহজ হবে। সরকার বিষয়টি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে।
এ ছাড়া দ্বিতীয় যমুনা সেতুর পরিবর্তে পদ্মা ও যমুনা নদীর ওপর ওয়াই-আকৃতির সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এ বিষয়ে সমীক্ষা কার্যক্রমও শুরু হয়েছে।
আরও পড়ুন
নড়াইলে কৃষকদল নেতা হ/ত্যার ঘটনায় রিজভীর নিন্দা ১৯ নভেম্বর ২০২৬
স্মরণসভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল আলিম।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণাবিষয়ক সহসম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, বিএনপির সাবেক কেন্দ্রীয় সংস্কৃতিবিষয়ক সহসম্পাদক মনির খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিশিষ্ট ব্যক্তিরা।
রাজনীতি থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।