https://newsbdc.com/politics/mwg8evopuh
দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন দ্বার খুলবে: খন্দকার মারুফ
দাউদকান্দি নৌবন্দর দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তাঁর মতে, এ বন্দর নির্মিত হলে কৃষি, বাণিজ্য, শিল্প, পরিবহন, কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে দাউদকান্দিতে নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উচ্চপর্যায়ের একটি দল। এ সময় সমবেত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশে বক্তব্য দেন খন্দকার মারুফ।
আরও পড়ুন
জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ ৪৯ মিনিট আগে
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দাউদকান্দি নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণ বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর দেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
আরও পড়ুন
গণতান্ত্রিক দেশ বিনির্মাণে তারেক রহমানের নেতৃত্বের প্রত্যাশা ২০ নভেম্বর ২০২৬
খন্দকার মারুফ আরও বলেন, নৌবন্দরটি প্রতিষ্ঠিত হলে নৌ যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য ও পণ্য পরিবহনে নতুন গতি আসবে। পাশাপাশি কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ তৈরি হবে। অন্যদিকে, গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মিত হলে কুমিল্লা, মুন্সিগঞ্জ, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার মানুষের বিনোদনের সুযোগ বাড়বে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।
তিনি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব তুলে ধরে দলমত-নির্বিশেষে সবাইকে হিংসা-বিদ্বেষ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুন
নতুন বাংলাদেশ বিনির্মাণে সামনে বড় চ্যালেঞ্জ ২০ নভেম্বর ২০২৬
এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মুহিদুল ইসলামের নেতৃত্বে আসা কর্মকর্তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান খন্দকার মারুফ। প্রতিনিধি দলটি প্রকল্প এলাকা পরিদর্শন করে নদীর নাব্যতা, তীরবর্তী এলাকার অবকাঠামোগত সুবিধা ও যোগাযোগব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন
শেখ হাসিনার ‘রক্ত তৃষ্ণা’ এখনো মেটেনি: রিজভী ১৯ নভেম্বর ২০২৬
পরিদর্শনকালে বিআইডব্লিউটিএর সদস্য (পরিকল্পনা ও পরিচালন) মো. সাজেদুর রহমান, বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম, পরিকল্পনা বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন চৌধুরী, নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগের পরিচালক মো. শাহাজাহান, প্রধান প্রকৌশলী মো. সাইদুর রহমানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ ইসলাম এবং স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে দাউদকান্দিতে আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে বিআইডব্লিউটিএ।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।