https://newsbdc.com/sara-desh/mwai83dd2s
দেশজুড়ে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন, নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে প্রশাসন
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গত দুই দিনে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষিত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে এসব নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গত ৯ ও ১০ নভেম্বর রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি অন্তত আটটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।
রাজধানীর ফার্মগেট, আদাবর, মিরপুর, যাত্রাবাড়ী, সিএমএম আদালত এলাকা, বুয়েটের আহসানউল্লাহ হল, তিতুমীর কলেজ, বনানী, গুলশান, মহাখালী, তেজগাঁও, খিলগাঁও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বাঙলা কলেজ ও মগবাজারসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোমবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে লাব্বাইক ও লাভলী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। বাসটিতে কোনো যাত্রী বা চালক না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনের ধোঁয়া মেট্রোরেল স্টেশনে প্রবেশ করলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার স্বার্থে প্রায় আধা ঘণ্টা স্টেশনে ট্রেন চলাচল ও যাত্রীদের যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে
এ ছাড়া মিরপুর-১১ নম্বরে বসুমতি পরিবহনের একটি বাস এবং পোস্তগোলা সেতুর ওপর একটি রিকশাভ্যানে আগুন দেওয়া হয়। সাউথইস্ট ইউনিভার্সিটি, টোকিও স্কয়ার, সিএমএম আদালত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, বুয়েটের আহসানউল্লাহ হল ও মগবাজার পুলিশ চেকপোস্ট এলাকায় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বুয়েটের আহসানউল্লাহ হলের একটি কক্ষে জানালার কাচ ভেঙে ককটেলের গুঁড়া শিক্ষার্থীর বিছানায় ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করে।
ঢাকার বাইরেও নাশকতার ঘটনা
রাজধানীর বাইরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে পরিত্যক্ত দুটি বাসে আগুন দেওয়া হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুটি এবং বাসস্ট্যান্ড এলাকায় আরও দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের গেণ্ডা ও বলিয়ারপুর এলাকায় পার্কিং করে রাখা দুটি বাসে এবং বরগুনা পুলিশ লাইন্সের সামনে বিআরটিসির একটি বাসে আগুন দেওয়া হয়। চট্টগ্রামের কালুরঘাটে একটি বাসে অগ্নিসংযোগ এবং নিউমার্কেট এলাকায় ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জের নিমতলা মোড়েও ককটেল বিস্ফোরণ ঘটে।
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬
শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের টোলপ্লাজা অবরোধ করে বিক্ষোভ করেন একদল লোক। মঙ্গলবার রাত ১টার দিকে নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর করা হয়। প্রায় এক ঘণ্টা অবরোধ চলায় সেতুর উভয় পাশে যানবাহন আটকে পড়ে।
অভিযান ও গ্রেপ্তার
এসব ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান জোরদার করেছে। পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অন্তত ২১ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। নাশকতা প্রতিরোধে রাজধানীতে নতুন করে ১৫৮টি চেকপোস্ট বসানো হয়েছে।
আরও পড়ুন
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬
হাতিরঝিল থানার মগবাজার পুলিশ চেকপোস্টে ককটেল নিক্ষেপের সময় চারজনকে আটক করা হয়। তুরাগ থানা এলাকায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। বনশ্রী ও সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রূপনগর ও দারুস সালাম এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ ও গোয়েন্দা শাখা (ডিবি)।
মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রাতভর অভিযান চালিয়ে সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে জেলা পুলিশ। এর আগে ৫ নভেম্বর ক্যান্টনমেন্ট থানার গলফ ক্লাবের সামনে পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলার ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন
বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬
ডিএমপির ডিসি আখতার হোসেন সাংবাদিকদের বলেন, প্রতিটি ঘটনা পুলিশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও তদন্ত করছে। এসব ঘটনার সঙ্গে সম্পৃক্ত কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন এবং একটি দলের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্য রয়েছেন।
পুলিশের একটি সূত্রের দাবি, বিদেশে পলাতক নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মসূচি ঘোষণা করছেন। দেশে আত্মগোপনে থাকা ব্যক্তিরা এসব কর্মসূচিকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছেন বলে মনে করছে পুলিশ।
রাজনৈতিক নেতাদের বক্তব্য
আরও পড়ুন
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন সোমবার রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগের নিন্দা জানান। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে সারাদেশে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের বাসা ভাড়া না দেওয়ার অনুরোধ করেন।
অন্যদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, পতিত শক্তি অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে মাঝেমধ্যে বাস ও বিভিন্ন স্থাপনায় হামলা করছে। এসব ঘটনায় পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে এবং কঠোরভাবে দমন করবে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তারা সবাই দুষ্কৃতকারী।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতা ও নজরদারি অব্যাহত রাখা জরুরি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তায় পুলিশ, র্যাব ও গোয়েন্দা সংস্থার সমন্বিত তৎপরতার ওপর গুরুত্ব দিয়েছেন তাঁরা।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।