https://newsbdc.com/sara-desh/mwb2ryo51o
মাদরাসায় আগুনের ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিলেন ড্যাব নেতারা
নারায়ণগঞ্জের সাইনবোর্ডের শান্তিধারা এলাকায় অবস্থিত জামিয়া আশরাফিয়া মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৮৮ জন শিক্ষার্থী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হন। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এবং তাঁদের প্রতি সহমর্মিতা জানাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক ও ড্যাবের সহসভাপতি ডা. পারভেজ রেজা কাকন।
এ সময় তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. সামিউল হাসান বাবু, যুগ্ম মহাসচিব ডা. মো. মনোয়ার সাদাত, দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল, আইনবিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক ডা. আমিরুল ইসলাম পাভেল ও সহ-মানবাধিকার সম্পাদক ডা. আসলামুল রুদ্র।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে
এ ছাড়া জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান, সহকারী পরিচালক ও সহকারী অধ্যাপক ডা. অভিজিত সরকার, সহকারী পরিচালক ডা. শফিকুল আলম সুমন, আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদারসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জানান।
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬
পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে মোট ৮৮ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাঁদের মধ্যে বর্তমানে ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।
অন্যদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
আরও পড়ুন
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬
আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন ড্যাব নেতৃবৃন্দ এবং তাঁদের চিকিৎসার সার্বিক বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।