https://newsbdc.com/sara-desh/mwlg51ryhs
টুঙ্গিপাড়া থানাসহ এমপির বাড়িতে আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় থানার লকার ভেঙে কয়েকজন আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়ির ভবনসহ আটটি ঘরে আগুন দেওয়া হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এসব ঘটনার সূত্রপাত হয়। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভ ও উত্তেজনার মধ্যে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কৃষক দলের নেতা রাজু মোল্লার (৩০) মৃত্যুর খবর পাওয়া গেছে। বিএনপির নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও ককটেল বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে টুঙ্গিপাড়া থানা-পুলিশ কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তার করে। তাঁদের ছাড়িয়ে নিতে থানায় যান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়। পরে স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদের দেশি অস্ত্র নিয়ে থানায় আসতে বলা হয় বলে অভিযোগ রয়েছে।
এরপর একদল লোক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। থানা কম্পাউন্ডে থাকা পুলিশের গাড়ি, মোটরসাইকেল ও বাসভবনেও আগুন দেওয়া হয়। একপর্যায়ে লকার ভেঙে আসামিদের ছিনিয়ে নেওয়া হয় বলে প্রশাসন ও স্থানীয় সূত্র জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। পরে পুলিশ পিছু হটে যায়।
এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাঁদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরাও রয়েছেন। আহতরা টুঙ্গিপাড়া উপজেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আরও পড়ুন
পদ্মা রেল সেতুর পিলারে আগুন, খসে পড়ল প্লাস্টার ১ ঘণ্টা আগে
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন এলাকাবাসী জানান, গোপালগঞ্জ থেকে রিজার্ভ ফোর্স টুঙ্গিপাড়া যাওয়ার পথে নিলফা বাজার এলাকায় পৌঁছালে সড়কে গাছের গুঁড়ি ফেলে বাধা দেওয়া হয়। এ সময় আনসার ব্যাটালিয়নের গাড়িসহ ছয়টি গাড়িতে আগুন দেওয়া হয় বলে তাঁদের দাবি।
এ ছাড়া গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। সড়কের বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা কয়েকটি স্থানে আগুন নেভাতে যেতে পারেননি।
রাত ১০টার দিকে সদর উপজেলার ঘোনাপাড়া মোড় থেকে নিলফা বাজার পর্যন্ত প্রায় তিন কিলোমিটার সড়কে ব্যারিকেড দিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিজিবি, পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ এবং টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনা ঘটে।
রাত সাড়ে ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত বিভিন্ন স্থানে আগুন জ্বলছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।
আরও পড়ুন
মিরসরাইয়ে পুলিশের টহল গাড়িতে বাসের ধাক্কা, আহত ৬ ২০ নভেম্বর ২০২৬
ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা বাকের মিয়া (ছদ্মনাম) বলেন, ‘এই রকম মারামারি আগে দেখিনি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে এমন ঘটনা এই প্রথম।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দিদারুল আলম বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতির সূত্রপাত হয়েছে বলে তিনি শুনেছেন। পুলিশ যাদের গ্রেপ্তার করেছিল, তাদের লকার ভেঙে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানতে পেরেছেন। এ ঘটনায় পুলিশ সদস্যরা আহত হয়েছেন।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছিল। থানা ও সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে লাগা আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছিলেন। রাত ১১টা ২৩ মিনিটে পরিস্থিতি কিছুটা শান্ত ছিল বলে তিনি জানান।
এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এ দেশে হুমকি-ধমকি দিয়ে, আগুন লাগিয়ে, একটা টুঙ্গিপাড়া থানায় আগুন লাগিয়ে যদি আওয়ামী শক্তি মনে করে যে তাদের শক্তি প্রদর্শিত হলো, তাহলে আমরা প্রমাণ করে দেব বাংলাদেশ আওয়ামী লীগ ওই টুঙ্গিপাড়া থানা লিমিটেড হয়ে যাবে।’
আরও পড়ুন
নারায়ণগঞ্জ থেকে উদ্ধার ৮ ফুটের কুমিরের নতুন ঠিকানা গাজীপুর সাফারি পার্ক ২০ নভেম্বর ২০২৬
জেলা প্রশাসন ও পুলিশে রদবদল
গোপালগঞ্জের সহিংস পরিস্থিতির পর জেলা প্রশাসন ও পুলিশ বিভাগে রদবদল করা হয়েছে। জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামানকে বদলি করা হয়েছে। একই সঙ্গে পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ এবং জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করা হয়েছে।
নতুন পুলিশ সুপারের যোগদান
গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রত্যুষ কুমার মজুমদার। সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ি পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
বাবুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামাল হোসেন গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬
সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. হাসানুর রহমান জানান, নতুন পুলিশ সুপার মঙ্গলবার সকাল থেকে কার্যালয়ে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি কার্যালয়ের বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং কর্মকর্তা ও পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
প্রত্যুষ কুমার মজুমদার ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। গোপালগঞ্জে যোগদানের আগে তিনি ফেনী জেলার পুলিশ সুপার ছিলেন। এর আগে ঝালকাঠি ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার এবং অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দায়িত্ব পালন করেছেন।
যৌথ বাহিনীর অভিযানে চারজন আটক
গোপালগঞ্জের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের চার নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাত ১টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জেলার পাঁচটি থানার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।
আরও পড়ুন
পটুয়াখালীর দশমিনায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার ২০ নভেম্বর ২০২৬
ভাঙ্গায় বিক্ষোভ-অবরোধ, কৃষক দল নেতার মৃত্যু
ফরিদপুরের ভাঙ্গায় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত সাড়ে ৮টার দিকে হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় কৃষক দলের নেতা রাজু মোল্লার (৩০) মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।
বিএনপির নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা ও ককটেল বিস্ফোরণে রাজু নিহত হয়েছেন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার অভিযোগও রয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ময়নাতদন্ত ছাড়া তাঁর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয়।
রাজু মোল্লা ভাঙ্গা উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আক্তার মোল্লার ছেলে।
সারা দেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।