https://newsbdc.com/business-economy/mw60t1iv3a
শীতের আগাম সবজিতে ক্রেতাদের স্বস্তি, নাগালের বাইরে মাছ-মাংস
রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের আগাম সবজি। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে বেশ কিছু সবজির দাম। শিম, বেগুন, ফুলকপি, কাঁচামরিচ ও পটলসহ বিভিন্ন সবজি তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে। তবে স্বস্তি নেই মাছ-মাংসের বাজারে। কিছু মাছের দাম এখনো বেশ চড়া। পাইকারি বাজারে দাম বেশি থাকায় কমছে না মুরগির দামও। ফলে সবজিতে কিছুটা স্বস্তি মিললেও মাছ-মাংস কিনতে ক্রেতাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।
শনিবার (৭ নভেম্বর) রাজধানীর গুলশান, উত্তর বাড্ডাসহ বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
আরও পড়ুন
বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ২ ঘণ্টা আগে
বাজারে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকায়। কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা এবং শিম ৭০ থেকে ৮০ টাকা। গোল বেগুনের কেজি ১০০ টাকা, লম্বা বেগুন ৮০ টাকা। এ ছাড়া কাঁকরোল ৬০, করলা ৭০, পটল ৫০, ঢেঁড়স ৫০ থেকে ৬০, কচুর মুখি ৬০ থেকে ৭০ এবং চিচিঙ্গা ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউয়ের দাম ৪০ থেকে ৫০ টাকা। পেঁপে পাওয়া যাচ্ছে কেজিপ্রতি ৩০ টাকায়।
গুলশানের কালাচাঁদপুর কাঁচাবাজারের আল্লাহর দান সবজি বিতানের বিক্রেতা জিসান আলম বলেন, পাইকারি বাজারে দাম কমেছে। ফলে খুচরা বাজারেও কম দামে সবজি বিক্রি করা যাচ্ছে। সামনে সরবরাহ আরও বাড়লে দাম কমার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন
বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬
অন্যদিকে মাছের বাজারে দামের চাপ অব্যাহত রয়েছে। প্রতি কেজি তেলাপিয়া বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকায়। আকারভেদে রুই ২৪০ থেকে ৩০০ টাকা এবং পাঙাশ ২০০ টাকা কেজি। পাবদার দাম ৩৬০ টাকা। ইলিশের বাজার আরও চড়া। এক কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ থেকে ২ হাজার ৮০০ টাকা কেজি দরে। ছোট আকারের ইলিশের দামও কেজিপ্রতি ১ হাজার টাকার নিচে নয়।
জোয়ার সাহারা বাজারের মাছ বিক্রেতা জাকির হোসেন বলেন, মাছের বাজারে দাম এখনো বেশ চড়া। বিশেষ করে বড় আকারের ইলিশ কিনতে গেলে ক্রেতাদের অনেক বেশি টাকা খরচ করতে হচ্ছে।
মুরগির বাজারেও স্বস্তি নেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭৫ থেকে ১৮০ টাকা, সোনালি মুরগি ৩১০ থেকে ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা।
আরও পড়ুন
লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬
মায়ের দোয়া চিকেন হাউজের বিক্রেতা জিসান বলেন, পাইকারি বাজারে মুরগির দাম বেশি থাকায় খুচরা পর্যায়ে দাম কমানো যাচ্ছে না। পাইকারি দামে বাড়তি খরচ হওয়ায় তাঁদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
কালাচাঁদপুরে ভাড়া বাসায় থাকেন বেসরকারি চাকরিজীবী সুমন হোসেন। স্ত্রী-সন্তানসহ চার সদস্যের সংসার তাঁর। প্রতি সপ্তাহে একসঙ্গে বাজার করেন তিনি। সুমনের মতে, শীতকালীন সবজি আসায় দাম কিছুটা কমেছে। তবে খোলা বাজারে আরও কম দামে সবজি পাওয়া যাচ্ছে।
আরও পড়ুন
৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬
নিজের কেনা সবজি দেখিয়ে সুমন বলেন, খোলা বাজার থেকে আধা কেজি কাঁচামরিচ ৩০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা এবং শিম ৬০ টাকায় কিনেছেন। বিভিন্ন সবজির দোকান থেকে এসব কিনতে গেলে আরও বেশি টাকা গুনতে হতো। তবে মাছ, মুরগি ও গরুর মাংসের দাম আগের সপ্তাহের তুলনায় তেমন কমেনি।
ব্যবসা-বাণিজ্য থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।