ছবি ভিডিও মতামত
সর্বশেষ
টস জিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ যানজট কমানো ও গণপরিবহনের মান উন্নয়ন সরকারের লক্ষ্য:সড়ক প্রতিমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে ঐক্য আরও সুদৃঢ় হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন ফোনে ব্যস্ত অভিভাবক, মনোযোগ না পেয়ে বিরক্ত সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠকে যেসব বিষয়ে আলোচনা হলো জুলাই ও ফ্যাসিবাদবিরোধী প্রশ্নে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর: নাহিদ এইচএসসির পুনঃনিরীক্ষণে ৩৩ হাজার ৩৪৯ খাতার ফল পরিবর্তন হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশ সেঞ্চুরিয়নে বৃষ্টির বাধা, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের টস বিলম্বিত
ব্যবসা-বাণিজ্য

নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০ শতাংশ

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১৪: ৫২
নতুন বাজারে পোশাক রপ্তানি বেড়েছে ৯.৩০ শতাংশ
সংগৃহীত

প্রচলিত বাজারের পাশাপাশি নতুন ও অপ্রচলিত বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এসব বাজারে রপ্তানি আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় দাঁড়িয়েছে ২৩৭ কোটি মার্কিন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২১৭ কোটি ডলার।

বিশেষ করে তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি প্রবৃদ্ধি দেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এর মধ্যে তুরস্কে রপ্তানি বেড়েছে দ্বিগুণেরও বেশি।

আরও পড়ুন

বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন ২ ঘণ্টা আগে বছরে ৩ হাজার ৬৭২ টন স্বর্ণ উৎপাদন বিশ্বে, শীর্ষে চীন

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এসব চিত্র পাওয়া গেছে।

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার প্রচলিত বাজারের পাশাপাশি অপ্রচলিত ও নতুন বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণে কাজ করছে। বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে পরিণত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং সময়োপযোগী নীতি প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এলডিসি থেকে উত্তরণের আগেই এ ধরনের সক্ষমতা ও কাঠামো গড়ে তুলতে সরকার থ্রি-আর কৌশল কাজে লাগাচ্ছে।

আরও পড়ুন

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো ২০ নভেম্বর ২০২৬ বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানিগুলো

তিনি বলেন, নতুন বাজার অনুসন্ধান, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর মাধ্যমে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে সরকারের।

ইপিবির তথ্য অনুযায়ী, অপ্রচলিত বাজারগুলোর মধ্যে তুরস্কে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে রপ্তানি হয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলারের পোশাক, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার। এ হিসাবে প্রবৃদ্ধি হয়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ।

তুরস্কের বাজারে রপ্তানি বেড়েছে ১০ কোটি ৬৮ লাখ ডলার। নতুন বাজারগুলোতে মোট রপ্তানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ এসেছে এ দেশ থেকে। ফলে অপ্রচলিত বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানিতে তুরস্কের অংশীদারত্বও বেড়েছে। গত বছরের একই সময়ে এ বাজারে দেশটির অংশ ছিল ৪ দশমিক ৬০ শতাংশ, যা এবার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৭১ শতাংশে।

আরও পড়ুন

লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ ২০ নভেম্বর ২০২৬ লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানা ৩০২টি, বিশ্বে শীর্ষে বাংলাদেশ

অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে ৪৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৪০ শতাংশ বেশি। নতুন বাজারে মোট রপ্তানিতে জাপানের অংশ ১৮ দশমিক ৪৪ শতাংশ।

এ ছাড়া অস্ট্রেলিয়ায় পোশাক রপ্তানি ৩ দশমিক ০১ শতাংশ বেড়ে ২৬ কোটি ৪০ লাখ ডলারে এবং দক্ষিণ কোরিয়ায় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়ে ১৫ কোটি ১৩ লাখ ডলারে দাঁড়িয়েছে। তবে ভারতের বাজারে রপ্তানি ৫ দশমিক ৩৮ শতাংশ কমে ২৫ কোটি ৯ লাখ ডলারে নেমেছে।

শীর্ষ পাঁচ বাজারের বাইরের দেশগুলোতেও বাংলাদেশের পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে। এসব বাজারে রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৪৮ শতাংশ। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ১০৬ কোটি ডলার, যা অপ্রচলিত বাজারে মোট রপ্তানির ৪৪ দশমিক ৭৬ শতাংশ।

আরও পড়ুন

৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস ২০ নভেম্বর ২০২৬ ৩১তম বিল্ড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে অংশ নিল একেএস

শুধু অক্টোবর মাসের হিসাবেও নতুন বাজারে রপ্তানির ইতিবাচক ধারা অব্যাহত ছিল। এ মাসে অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৮ দশমিক ৯৯ শতাংশ। রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫৫ কোটি ৯৭ লাখ ডলারে।

অক্টোবরে তুরস্কে রপ্তানি বেড়েছে ৭৫ দশমিক ৯৬ শতাংশ। দেশটিতে এ মাসে ৫ কোটি ৯৮ লাখ ডলারের পোশাক রপ্তানি হয়েছে। মাসভিত্তিক রপ্তানিতে জাপানের পরই তুরস্কের অবস্থান। এ মাসে জাপানে রপ্তানি হয়েছে ৯ কোটি ৩৭ লাখ ডলারের পোশাক, যা গত বছরের একই মাসের তুলনায় ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।

আরও পড়ুন

আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম ২০ নভেম্বর ২০২৬ আন্তর্জাতিক বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

একই সময়ে অস্ট্রেলিয়ায় রপ্তানি ১১ দশমিক ৩২ শতাংশ বেড়ে ৫ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ভারতে রপ্তানি ৫ দশমিক ৪১ শতাংশ কমে ৪ কোটি ৫৯ লাখ ডলার এবং দক্ষিণ কোরিয়ায় ৪ দশমিক ৬০ শতাংশ কমে ৩ কোটি ৪ লাখ ডলারে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টদের মতে, নতুন বাজারে রপ্তানি সম্প্রসারণ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের দীর্ঘমেয়াদি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে জাপান ও তুরস্কের মতো বড় বাজারে রপ্তানি বাড়ার পাশাপাশি অন্যান্য বাজারেও প্রবৃদ্ধি অব্যাহত থাকলে প্রচলিত কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমবে। একই সঙ্গে এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা ধরে রাখতেও বাজার বহুমুখীকরণ সহায়ক হবে।


মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।

Economy নিয়ে আরও পড়ুন