https://newsbdc.com/lifestyle-wellness/mw39c6atfm
পার্কে বসে বিনা মূল্যে কাজের সুযোগ দিচ্ছে দুবাই, চালু ‘ওয়ার্ক ফ্রম পার্ক’
অফিসের চার দেয়ালের একঘেয়েমি কিংবা ঘরে বসে কাজের ক্লান্তি দূর করতে অভিনব উদ্যোগ নিয়েছে দুবাই। লেকের শান্ত জলরাশি ও সবুজের ছায়ায় বসে ল্যাপটপ নিয়ে কাজের সুযোগ দিতে চালু হয়েছে দেশটির প্রথম ‘ওয়ার্ক ফ্রম পার্ক’ ব্যবস্থা।
গত সোমবার (২ নভেম্বর) দুবাইয়ের জনপ্রিয় আল বারশা পন্ড পার্কে এ ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দুবাই মিউনিসিপ্যালিটির সঙ্গে যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করেছে ফ্লেক্সিবল ওয়ার্কস্পেস প্ল্যাটফর্ম ‘লেটসওয়ার্ক’ এবং নির্মাণকারী প্রতিষ্ঠান ‘গ্রুপ আমানা’।
বিনা মূল্যে কাজের সুযোগ
এ উদ্যোগের সবচেয়ে বড় আকর্ষণ হলো প্রকৃতির মাঝে সম্পূর্ণ বিনা মূল্যে কাজ করার সুবিধা। পার্কের ভেতরে, ছাদে কিংবা নির্ধারিত বসার জায়গায় নাগরিক ও পর্যটকরা কোনো ভাড়া বা অগ্রিম বুকিং ছাড়াই কাজ করতে পারবেন।
আরও পড়ুন
বায়ুদূষণে বাড়তে পারে স্মৃতিভ্রমের ঝুঁকি, বেশি বিপদে কারা? ১৫ মিনিট আগে
থাকছে আধুনিক সুবিধা
খোলা আকাশের নিচে নির্বিঘ্নে কাজের জন্য রয়েছে হাই-স্পিড ওয়াই-ফাই এবং ল্যাপটপ ও মোবাইল চার্জ দেওয়ার ব্যবস্থা। দুবাইয়ের গরম আবহাওয়া বিবেচনায় বাইরে কুলিং সিস্টেম ও আবহাওয়াসহিষ্ণু আসবাবপত্র স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
এ ছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত ইনডোর হাব সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
আরও পড়ুন
শরীরে ফাইবারের ঘাটতি হলে যে ৫ লক্ষণ দেখা দিতে পারে ৪ নভেম্বর ২০২৬
বুকিংয়ের ব্যবস্থা
‘লেটসওয়ার্ক’-এর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ নম্বর (+971 4 581 3652) ব্যবহার করে নির্ধারিত স্পট বুক করা যাবে।
উদ্যোক্তাদের মতে, এটি শুধু কাজের জায়গা নয়; বরং পেশাদারদের মধ্যে সরাসরি যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরির একটি সুযোগ। কাজের পাশাপাশি ফুটবল ও টেনিসের মতো খেলায় অংশ নিতে কমিউনিটি ক্লাবের ব্যবস্থাও থাকছে। অভিভাবকরা সন্তানদের পার্কে খেলতে দিয়ে পাশেই বসে কাজ করতে পারবেন।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।