https://newsbdc.com/national/mw4ue0fa79
মুখে ইসলামের কথা বললেও কাজে প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ আর আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা মানুষের রক্ত ঝরিয়েছে এবং দুঃশাসন ও নির্যাতনের মাধ্যমে দেশ শাসন করেছে, সেই শক্তির রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই বলে জনগণ মনে করে।
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদরাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
আরও পড়ুন
এবার শীতে তাপমাত্রা নামতে পারে ৪ ডিগ্রিতে, শৈত্যপ্রবাহের পূর্বাভাস ১ মিনিট আগে
সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণ-অভ্যুত্থানে আলেম-ওলামা এবং ছাত্রসমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, দীর্ঘ ১৬ থেকে ১৭ বছরের শাসনামলে অসংখ্য মানুষ গুম, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন। জাতিসংঘের হিসাব উল্লেখ করে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারিয়েছেন। এর আগে দীর্ঘ সময়ে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এ সময় নিজের গুম হওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, যারা গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে, তারা এখনো দুঃখ প্রকাশ বা অনুশোচনা করেনি। গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে যাওয়া ব্যক্তিদের প্রত্যাবর্তনের পথ তৈরির চেষ্টা জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন
মাদক কারবারে জড়িত ব্যক্তির রাজনীতি করার অধিকার নেই: ইশরাক ৬ মিনিট আগে
গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব কর্মকাণ্ডের পেছনে ফ্যাসিবাদী শক্তির হাত রয়েছে বলে তিনি মনে করেন।
ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করা দলগুলোর সমালোচনা করে তিনি বলেন, মুখে ইসলামের কথা বললেও তাদের নির্বাচনী ইশতেহার ও দলীয় অবস্থানে ইসলামী শাসনব্যবস্থার প্রতিফলন নেই।
আরও পড়ুন
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়বে সরকার: নৌপরিবহনমন্ত্রী ৫২ মিনিট আগে
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধের রাজনীতির ধারাবাহিকতায় দলটি সব জনগোষ্ঠীকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়। ধর্মের নামে বিভাজন নয়, জাতীয় ঐক্য প্রতিষ্ঠাই তাদের লক্ষ্য।
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে তিনি বলেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের প্রত্যাশা অনুযায়ী দীর্ঘ আলোচনা-পর্যালোচনার মাধ্যমে প্রণীত জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি সংবিধানে ইসলামী মূল্যবোধের বিষয়গুলো ধারণ করার উদ্যোগ নেওয়া হবে। সংবিধানের প্রস্তাবনা ও রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃস্থাপনের প্রতিশ্রুতিও দেন তিনি।
আরও পড়ুন
কোস্ট গার্ডের পাঁচ জাহাজের নতুন নাম নির্ধারণ ১ ঘণ্টা আগে
আন্দোলনকারীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের গঠনমূলক সমালোচনা করা যাবে। তবে বিভ্রান্তি সৃষ্টি করে দেশের মানুষের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ড করা উচিত নয়। সরকারকে সহযোগিতা করার পাশাপাশি জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।
দেশের অর্থনৈতিক উন্নয়ন, রপ্তানি বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায়। বিশেষ করে আলেম-ওলামা ও কওমি মাদরাসার শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আরও পড়ুন
দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদন ও ফি জানাল বিআরটিএ ১ ঘণ্টা আগে
বক্তব্যের শেষ পর্যায়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্য উপস্থিত সবার কাছে দোয়া চান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দেশের কল্যাণে সরকার কাজ করতে চায়। এ জন্য জনগণের সহযোগিতা ও দোয়া প্রয়োজন।
সম্মেলনে উপস্থিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, জেলা পুলিশ সুপার মাসুদ আলমসহ স্থানীয় আলেম-ওলামা ও গণ্যমান্য ব্যক্তিরা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।