https://newsbdc.com/national/mwya60oye6
বিনামূল্যে এআই প্রশিক্ষণ দেবে সরকার, প্রতিদিন মিলবে ২০০ টাকা ভাতা
দেশের ৬৪টি জেলায় ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের জন্য বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর এ কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রকল্পটির তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে।
‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্পে অংশগ্রহণকারীদের কোনো কোর্স ফি দিতে হবে না। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে প্রতিদিন ২০০ টাকা করে যাতায়াত ভাতা এবং খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে। কোর্স সফলভাবে শেষ করলে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হবে।
আরও পড়ুন
ফটিকছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে ৫৮টি বাইসাইকেল বিতরণ ৫২ মিনিট আগে
নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে শুরু হয়ে প্রশিক্ষণ চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। ৫০ দিনের এ কোর্সে মোট ৩০০ ঘণ্টা তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষা দেওয়া হবে। প্রশিক্ষণে বিভিন্ন এআই টুলের ব্যবহার, তথ্য বিশ্লেষণ, ডিজিটাল কনটেন্ট তৈরি এবং প্রযুক্তিনির্ভর কাজের দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দেওয়া হবে।
যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেন জানান, বিপুলসংখ্যক তরুণকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ করে তোলাই এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য। নির্ধারিত যোগ্যতা পূরণ করে ১৮ থেকে ৩৫ বছর বয়সীরা এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তারা নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
প্রাণীদের কষ্ট না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ৮ ঘণ্টা আগে
প্রকল্পের পরিচালক মো. আতিকুর রহমান জানান, প্রশিক্ষণে শুধু তাত্ত্বিক জ্ঞান নয়, হাতে-কলমে কাজ শেখার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কোর্সের পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা বাস্তব কাজেও অর্জিত দক্ষতা প্রয়োগ করতে পারেন।
আরও পড়ুন
ফেরার পথ নয়, আইনি প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী ৮ ঘণ্টা আগে
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি বা সমমান। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রাথমিক জ্ঞান থাকা বাধ্যতামূলক। তবে মৌলিক আইসিটি জ্ঞান ও ইংরেজিতে দক্ষ প্রার্থীদের নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
অনলাইনে আবেদনের শেষ সময় ছিল ২৪ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট। নির্বাচন প্রক্রিয়ার অংশ হিসেবে ২৮ নভেম্বর লিখিত এবং ২৯ নভেম্বর মৌখিক পরীক্ষা নেওয়ার কথা রয়েছে। ৩০ নভেম্বর চূড়ান্তভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষার কেন্দ্র, সময়সূচি ও ফলাফল প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।
আরও পড়ুন
ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ৯ ঘণ্টা আগে
সারা দেশের আটটি বিভাগকে চারটি প্যাকেজে ভাগ করে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। ঢাকা ও ময়মনসিংহ এবং বরিশাল ও খুলনা বিভাগে প্রশিক্ষণের দায়িত্ব পেয়েছে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড।
অন্যদিকে, রাজশাহী ও রংপুর বিভাগে প্রশিক্ষণ পরিচালনা করবে এসইও এক্সপার্ট বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগ। চট্টগ্রাম ও সিলেট বিভাগের দায়িত্ব পেয়েছে সার্ভিস ইঞ্জিনস লিমিটেডের যৌথ উদ্যোগ।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।