https://newsbdc.com/national/mw1q0s08pj
চার দিন কম থাকবে গ্যাসের চাপ, সরবরাহ বন্ধের খবরকে গুজব বলল পেট্রোবাংলা
রান্নার গ্যাস নিয়ে আগামী চার দিন কিছুটা ভোগান্তিতে পড়তে পারেন দেশের গ্রাহকেরা। রক্ষণাবেক্ষণ কাজের কারণে জাতীয় গ্রিডে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ কমে যাওয়ায় বুধবার থেকে শনিবার পর্যন্ত সারা দেশে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকবে। তবে কোথাও গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হবে না বলে জানিয়েছে পেট্রোবাংলা।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। এর বিপরীতে সরবরাহ রয়েছে প্রায় ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন ঘাটতি থাকছে প্রায় ১ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। মোট সরবরাহের মধ্যে আমদানি করা এলএনজি থেকে আসছে প্রায় ৯২০ মিলিয়ন ঘনফুট।
আরও পড়ুন
নভেম্বরে বঙ্গোপসাগরে ২-৩টি লঘুচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে দুটি ২৬ মিনিট আগে
দেশে আমদানি করা এলএনজি জাতীয় গ্রিডে সরবরাহ করে এক্সিলারেট এনার্জি ও সামিট এলএনজির ভাসমান টার্মিনাল। এর মধ্যে সামিট এলএনজির টার্মিনালে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হওয়ায় সাময়িকভাবে সরবরাহ কমছে। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির পাশাপাশি আরও দুই দিন এ কাজ চলবে। এতে প্রতিদিন প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট এলএনজি সরবরাহ কমে যাবে।
পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) মো. শোয়েব জানান, রক্ষণাবেক্ষণের কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না। বরং প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। তবে সরবরাহ কমে যাওয়ায় কিছু এলাকায় স্বাভাবিকের তুলনায় গ্যাসের চাপ কম থাকতে পারে।
আরও পড়ুন
দুদক চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মেডিকেল পরিদর্শন ৪২ মিনিট আগে
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ায় গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ ধরনের খবরকে গুজব হিসেবে উল্লেখ করে পেট্রোবাংলা জানিয়েছে, কোথাও গ্যাস সরবরাহ বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই।
মো. শোয়েব বলেন, গ্যাস সরবরাহ বন্ধ হওয়ার কোনো বিষয় নেই। এ নিয়ে গ্রাহকদের আতঙ্কিত বা বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
রক্ষণাবেক্ষণের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কি না, জানতে চাইলে তিনি জানান, গ্যাস লাইনে সরবরাহ স্বাভাবিকভাবে চালু না হওয়া পর্যন্ত কাজের সময়সীমা নিয়ে নিশ্চিত করে কিছু বলা কঠিন।
আরও পড়ুন
মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী ৪৫ মিনিট আগে
পেট্রোবাংলা আরও জানিয়েছে, দেশের গ্যাস উৎপাদন বাড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছে। তবে রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে গ্রাহকদের সাময়িকভাবে কম গ্যাসের চাপের মধ্যেই চলতে হতে পারে।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।