https://newsbdc.com/national/mw3a2rvls6
শ্রমিকদের দাবির আড়ালে সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী
শ্রমিকদের দাবির অন্তরালে সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের কাটাখালি মোড়ে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার শ্রমিকদের দাবি বাস্তবায়নে মজুরি বোর্ড গঠন করেছে। শিল্পকারখানা গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। দেশের সম্পদ রক্ষায় ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বানও জানান তিনি।
আরও পড়ুন
মোংলা বন্দর হবে নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী ২ মিনিট আগে
তারেক রহমান বলেন, ‘ঢাকায় কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। মজুরি বোর্ড করে দিয়েছি, তারা ঠিক করবে বেতন কাঠামো।’
তিনি আরও বলেন, ‘দাবির আড়ালে কিছু উচ্ছৃঙ্খল লোক দেশের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তারা কারখানা ভাঙচুর করেছে। যারা ১৬ বছর মানুষের অবস্থা পরিবর্তন করতে পারেনি, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা করছে।’
আরও পড়ুন
শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ মিনিট আগে
মিল-কলকারখানা ধ্বংস হলে দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মিল-কলকারখানা দেশের সম্পদ। এটি ধ্বংস হলে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। সীমান্তের ওপার থেকে এগুলো ধ্বংসের পাঁয়তারা করছে। এদের প্রতিহত করতে হবে। জনগণকে রুখে দাঁড়াতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেশের মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। বন্ধ মিল-কলকারখানা চালু এবং বিনিয়োগকারীদের উৎসাহিত করে কর্মসংস্থান তৈরির কথাও বলেছিলেন।
তিনি বলেন, এ লক্ষ্যেই দুই সপ্তাহের মধ্যে দুইবার এ অঞ্চলে এসেছেন। এই অঞ্চল থেকে পঞ্চগড় পর্যন্ত হাজার হাজার শিল্পকারখানা স্থাপন করতে চান তাঁরা।
বাংলাদেশ থেকে আরও পড়ুন
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।