https://newsbdc.com/sara-desh/mvp76m5czk
মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই ট্রলার জব্দ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও দুটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়েছে। অভিযানের সময় সংশ্লিষ্ট দুই জেলে পালিয়ে যান।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার দিঘিরপাড় ও হাসাইল ইউনিয়নসংলগ্ন পদ্মা নদী এবং নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন
আ.লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে ৩০ মিনিট আগে
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে সহযোগিতা করে টঙ্গিবাড়ী থানা-পুলিশ। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরী এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে মাছ ধরা এবং মাছ কেনাবেচা ও পরিবহনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুটি ট্রলার পাওয়া যায়। অভিযানের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট দুই জেলে পালিয়ে যান।
আরও পড়ুন
দুর্যোগের চেয়ে জেলেদের বেশি ভয় জলদস্যু ও ভারতীয় ট্রলার ১ ঘণ্টা আগে
পরে জব্দ করা কারেন্ট জাল ও ট্রলার ঘটনাস্থলেই বিনষ্ট করে অপসারণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
নদীতে মাছের প্রজনন ও মৎস্যসম্পদ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।