https://newsbdc.com/sara-desh/mvp7a1inim
আ.লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী কারাগারে
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে আটক যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠায় পুলিশ।
এর আগে রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
আরও পড়ুন
মুন্সীগঞ্জে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও দুই ট্রলার জব্দ ৪০ মিনিট আগে
আটক ব্যক্তিরা হলেন সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগ মনোনীত সাবেক জিএস মহিবুল আলম খোকন, পৌর আওয়ামী লীগের সদস্য ওয়াজ করনী আকন, বাটাজোর ইউনিয়ন যুবলীগের সদস্য মিঠুন হালদার, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মাসুম সরদার, মাহিলাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার এবং পৌর ছাত্রলীগের সদস্য সজিব সরদার।
সৈকত গুহ পিকলু জানান, তাঁদের বাড়িতে লক্ষ্মীপূজার আয়োজন চলছিল। সেখানে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দেওয়া হয়েছিল। রোববার সন্ধ্যায় বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক বাড়িতে এসে দাওয়াতে আসা ছয়জন এবং তাঁর ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেন বলে দাবি করেন তিনি।
আরও পড়ুন
দুর্যোগের চেয়ে জেলেদের বেশি ভয় জলদস্যু ও ভারতীয় ট্রলার ১ ঘণ্টা আগে
অন্যদিকে, গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. পারভেজ আহমেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইনে একটি মামলা করেছেন। মামলায় গ্রেপ্তার সাতজনের পাশাপাশি সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, সাবেক উপজেলা চেয়ারম্যান মনির হোসেন মিয়াসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন
মুকসুদপুরে জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে সংবর্ধনা ১ ঘণ্টা আগে
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কয়েকজন সক্রিয় নেতাকর্মী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাজনৈতিক কার্যক্রম সচল করার উদ্দেশ্যে গৌরনদীর বিল্লগ্রাম এলাকার একটি বসতঘরে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন। এ খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে সাতজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাতজনকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।