https://newsbdc.com/sara-desh/mvqkmgbhm8
সোনারগাঁয়ে ঘুমন্ত কিশোরীর গায়ে গরম পানি ঢালার অভিযোগ
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাও কান্দাপাড়া গ্রামের বাসিন্দা রওশন আরার সঙ্গে প্রতিবেশী সোনিয়া আক্তার ও অন্যদের জমিজমা এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। অভিযোগ অনুযায়ী, এ বিরোধের জেরে অভিযুক্তরা বিভিন্ন সময়ে ভুক্তভোগী পরিবারকে খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন।
আরও পড়ুন
খুলনায় যুবককে গু/লি করে ব্যাগ ছিনতাই, দুর্বৃত্তদের খোঁজে পুলিশ ৫৯ মিনিট আগে
গত ২৫ সেপ্টেম্বর দুপুর আনুমানিক ২টার দিকে রওশন আরা ও তাঁর পরিবারের সদস্যরা বাড়িতে ছিলেন না। এ সুযোগে অভিযুক্তরা কৌশলে তাঁদের বসতঘরে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ওই সময় শয়নকক্ষের বিছানায় ঘুমিয়ে ছিল ১৩ বছরের আফরিন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত সোনিয়া আক্তার তাকে হত্যার উদ্দেশ্যে গরম পানি ছুড়ে মারেন। এতে কিশোরীর কোমরসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসার আগেই অভিযুক্তরা পালিয়ে যান বলে অভিযোগে বলা হয়েছে। পরে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে গুরুতর দগ্ধ অবস্থায় আফরিনকে উদ্ধার করেন। তাঁকে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।
আরও পড়ুন
রামগঞ্জে সম্পত্তি বিরোধে সংঘর্ষ, গ্রেপ্তার চার ১ ঘণ্টা আগে
মেয়ের চিকিৎসার ব্যবস্থা করার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান রওশন আরা। পরে তিনি সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন
৫০ শয্যার হাসপাতালে রোগী ১১০, মেঝে-বারান্দায় চিকিৎসা ১ ঘণ্টা আগে
অভিযোগে যাঁদের নাম উল্লেখ করা হয়েছে, তাঁরা হলেন জাকির হোসেনের স্ত্রী সোনিয়া আক্তার (৩৫), মো. বিল্লালের ছেলে মো. মোস্তফা (৪৫), মো. মোস্তফার স্ত্রী শিলা আক্তার (৪০) এবং রহম আলীর ছেলে জাকির হোসেন (৩৮)। তাঁদের সবার বাড়ি উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলেরগাও কান্দাপাড়া এলাকায়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন।